Khabor Ekhon
প্রেমিকাকে ডেকে এনে খুনের অভিযোগ, দেহ নিয়ে পালানোর সময় গ্রেফতার!
শ্রীতমা ব্যানার্জী : সম্পর্কের টানাপোড়েন, নাকি অন্য কোনও আক্রোশ? এক তরুণীর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায়। অভিযোগ, পরিচিত এক তরুণীকে নিজের মেসে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন এক যুবক। এরপর ঘটনা ধামাচাপা দিতে মৃতদেহ বস্তায় ভরে বাইকে চাপিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ে যান অভিযুক্ত।ঘটনাটি পুরুলিয়ার বলরামপুরের। মৃত তরুণীর নাম প্রীতিকা মাহাতো। বছর ২১-এর প্রীতিকা বাগমুণ্ডির বুরদা গ্রামের বাসিন্দা। চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য তিনি পুরুলিয়ায় একটি মেসে থাকতেন।পরিবারের অভিযোগ, শনিবার সন্ধে নাগাদ প্রীতিকাকে নিজের মেসে ডেকে পাঠান অমিত মাহাতো নামে ওই যুবক। সন্ধে ৭টার পর থেকেই তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফোনে বারবার চেষ্টা করেও সাড়া না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। পরে মেস মালিকের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। এরই মধ্যে মেসের সিঁড়িতে রক্তের দাগ দেখতে পান স্থানীয়রা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মেসের ভিতরেই প্রীতিকাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়েছে বলে অভিযোগ। তাঁর মৃত্যু নিশ্চিত হওয়ার পর দেহটি সরিয়ে ফেলার পরিকল্পনা করা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। অভিযোগ, রাত ১০টার পর দেহটি একটি বস্তায় ভরে নিজের বাইকে চাপিয়ে পালানোর চেষ্টা করেন অমিত। কিন্তু মাঝপথেই পুলিশের নাকা চেকিংয়ে সন্দেহের মুখে পড়ে বাইকটি। তল্লাশি চালিয়ে বস্তার ভিতর থেকে তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিহত প্রীতিকা ও অভিযুক্ত অমিত,দু’জনেরই বাড়ি বাগমুণ্ডি এলাকায়। তাঁদের মধ্যে পূর্বপরিচয় ছিল বলেই তদন্তকারীদের অনুমান। তবে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড, সম্পর্কের টানাপোড়েন এর নেপথ্যে ছিল কি না, নাকি রয়েছে অন্য কোনও কারণ—তা এখনও স্পষ্ট নয়। রবিবার অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। জিজ্ঞাসাবাদে খুনের প্রকৃত কারণ এবং ঘটনার সম্পূর্ণ রহস্য সামনে আসবে বলে মনে করছে পুলিশ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

