Khabor Ekhon
পুরনো নন্দীগ্রাম, নতুন লড়াই—৬ অক্টোবরেই ভাগ্যপরীক্ষা!
শ্রীতমা ব্যানার্জী : ভোটের ময়দানে ফের নন্দীগ্রাম। আর সেই নন্দীগ্রামকে ঘিরেই নতুন করে চড়ছে বঙ্গ রাজনীতির উত্তাপ। নির্বাচন কমিশনের ঘোষণায় আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ফল প্রকাশ হবে ৯ অক্টোবর। ফলে পুজোর আবহের মধ্যেই রাজ্যে ফের জমতে চলেছে ভোটের লড়াই।নন্দীগ্রাম মানেই বাংলার রাজনীতিতে বাড়তি আবেগ, সংঘাত এবং রাজনৈতিক সমীকরণ। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই কেন্দ্র থেকেই জয় পেয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে ভবানীপুর আসনটি ধরে রেখে নন্দীগ্রাম ছেড়ে দেন তিনি। সেই কারণেই খালি হয় নন্দীগ্রাম আসন। অন্যদিকে, বিধায়ক পদ থেকে হুমায়ুন কবিরের পদত্যাগের পর রেজিনগরেও উপনির্বাচন জরুরি হয়ে পড়ে।আর নন্দীগ্রামের উপনির্বাচনের দিন ঘোষণা হতেই রাজনৈতিক মহলে সবচেয়ে বড় প্রশ্ন—মমতা বন্দ্যোপাধ্যায় কি ফের নন্দীগ্রামের মাটিতে পা রাখবেন? ২০২১-এর সেই হাইভোল্টেজ লড়াইয়ের স্মৃতি এখনও টাটকা। এবারও যদি তৃণমূল নেত্রী নন্দীগ্রাম থেকে প্রার্থী হন, তাহলে এই উপনির্বাচন নিছক একটি আসনের লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না; তা হয়ে উঠতে পারে বাংলার রাজনীতিতে তাঁর ঘুরে দাঁড়ানোর বড় পরীক্ষা। তবে এখনও তৃণমূলের তরফে মমতার প্রার্থী হওয়ার বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক জল্পনা। কে প্রার্থী হবেন, কোন সমীকরণে ভোট হবে, ২০২১-এর নন্দীগ্রামের ছায়া কতটা ফিরে আসবে—সব প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেছে রাজনৈতিক মহল। নন্দীগ্রাম যে আবারও বঙ্গ রাজনীতির কেন্দ্রবিন্দুতে, উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর তা আরও স্পষ্ট।
ভোটের গুরুত্বপূর্ণ দিন
৯ সেপ্টেম্বর: নির্বাচনী বিজ্ঞপ্তি
১৬ সেপ্টেম্বর: মনোনয়ন জমার শেষ দিন
১৭ সেপ্টেম্বর: মনোনয়নপত্র যাচাই
১৯ সেপ্টেম্বর: মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন
৬ অক্টোবর: ভোটগ্রহণ
৯ অক্টোবর: ভোটগণনা
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

