Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ভিআইপি রোডে ট্রাকের ধাক্কায় মৃত্যু, দুর্ঘটনার পর রণক্ষেত্র কেষ্টপুর

0 6,094,417

শ্রীতমা ব্যানার্জী : রাতের ভিআইপি রোড। ঘড়িতে তখন সাড়ে ১০টা। আচমকাই বিকট শব্দ। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল আতঙ্ক। কেষ্টপুরের ভিআইপি রোডে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক প্রৌঢ়ের। গুরুতর আহত হলেন বাইকচালক। দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। রাস্তা অবরোধ থেকে পুলিশের সঙ্গে বচসা ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাজা রাঠি (৬৫)। নারায়ণতলা এলাকার বাসিন্দা রাজা মঙ্গলবার রাতে অ্যাপ-বাইকে করে বড়বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় উল্টোডাঙার দিক থেকে বিমানবন্দরের দিকে যাওয়া একটি ট্রাক পিছন থেকে বাইকটিকে ধাক্কা মারে।স্থানীয়দের দাবি, রাস্তার উপর থাকা গার্ডরেল এড়াতে গিয়ে ট্রাকটি বাইকে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই জোরালো ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজা রাঠির। বাইকচালক শিবেশ ঝা গুরুতর আহত হন। তাঁকে তড়িঘড়ি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনার পরই ক্ষোভ

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমতে শুরু করে। ক্ষোভ বাড়তে থাকে স্থানীয়দের মধ্যে। তাঁদের অভিযোগ, ভিআইপি রোডের এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। রাস্তার ব্যারিকেড ও গার্ডরেল নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। স্থানীয়দের একাংশের অভিযোগ, রাস্তার উপর থাকা ব্যারিকেডই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। এরপর ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তা অবরোধ করেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের একাংশের সঙ্গে পুলিশের তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ইট-পাটকেল ছোড়ার ঘটনাও ঘটে।

বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে

পরিস্থিতি সামাল দিতে বাগুইআটি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তবে দুর্ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ  ভিআইপি  রোডে যান চলাচল ব্যাহত হয়।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

দুর্ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ। ট্রাকটির গতি কত ছিল, চালকের কোনও গাফিলতি ছিল কি না এবং গার্ডরেলের অবস্থানের সঙ্গে দুর্ঘটনার কোনও যোগ রয়েছে কি না—সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। একদিকে প্রাণহানি, অন্যদিকে দুর্ঘটনার পর রাস্তা অবরোধ ও উত্তেজনা—সব মিলিয়ে ফের প্রশ্নের মুখে কেষ্টপুরের ভিআইপি  রোডের নিরাপত্তা ব্যবস্থা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper