Khabor Ekhon
“অপেক্ষার অবসান? ১৫ বছর পর বরানগর–ব্যারাকপুর মেট্রো পেল ছাড়পত্র”
শ্রীতমা ব্যানার্জী ::দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রায় ১৫ বছর ধরে থমকে থাকা বরানগর–ব্যারাকপুর মেট্রো প্রকল্পে অবশেষে আশার আলো। কলকাতা পুরসভার তরফে প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) মিলতেই ফের গতি পেল উত্তর কলকাতার বহু প্রতীক্ষিত এই মেট্রো করিডর। বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত প্রায় ১২.৩ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটি মূলত বিটি রোডের নীচে থাকা ভূগর্ভস্থ জলের পাইপলাইন সরানো নিয়ে জটিলতার কারণে বছরের পর বছর আটকে ছিল। মেট্রোর নির্মাণকাজ শুরু করতে গেলে পুরনো জল সরবরাহ ব্যবস্থা সরাতে হত। কিন্তু বিকল্প ব্যবস্থা না হওয়ায় তৈরি হয়েছিল দীর্ঘ অচলাবস্থা।
অবশেষে সেই জট কাটাতে পুরসভা ও মেট্রো কর্তৃপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের পথ তৈরি হয়। পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে থাকা ৪৮ ইঞ্চি ব্যাসের পাইপলাইনগুলি বন্ধ করে তার পরিবর্তে ৭২ ইঞ্চি ব্যাসের নতুন জলবাহী পাইপলাইন তৈরি করা হবে। এর ফলে একদিকে যেমন শহরের পানীয় জলের সরবরাহ অক্ষুণ্ণ রাখার চেষ্টা হবে, তেমনই মেট্রো নির্মাণের পথও প্রশস্ত হবে।
গত ২৬ মে পুরসভা ও মেট্রো কর্তৃপক্ষের বৈঠকে দীর্ঘদিনের অচলাবস্থা কাটানোর বিষয়ে প্রাথমিক সমঝোতা তৈরি হয়েছিল। এরপরই মেট্রোর ভায়াডাক্ট এবং ১০টি উড়াল মেট্রো স্টেশন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)। দীর্ঘদিনের অপেক্ষার পর পুরসভার এনওসি হাতে আসায় এবার প্রকল্পের কাজ বাস্তবে কত দ্রুত এগোয়, সেদিকেই নজর উত্তর শহরতলির মানুষের। এই মেট্রো চালু হলে বরানগর, কামারহাটি, আগরপাড়া, পানিহাটি, খড়দহ, টিটাগড় ও ব্যারাকপুরের মতো বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াতে বড় পরিবর্তন আসতে পারে। বিটি রোডের যানজট কমানোর পাশাপাশি কলকাতার সঙ্গে উত্তর শহরতলির যোগাযোগ আরও দ্রুত ও স্বচ্ছন্দ হওয়ার সম্ভাবনা রয়েছে।
দীর্ঘ ১৫ বছরের অপেক্ষা পেরিয়ে তাই প্রশ্ন একটাই—এবার কি সত্যিই ছুটবে বহু প্রতীক্ষিত বরানগর–ব্যারাকপুর মেট্রো?
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

