Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পুজোর আগেই পেঁয়াজের দামে দ্বিগুণের ধাক্কা, কপালে চিন্তার ভাঁজ

0 5,590,940

শ্রীতমা ব্যানার্জী ::শহরের রান্নাঘরে ফের মূল্যবৃদ্ধির আঁচ। দুর্গাপুজো ও দীপাবলির মরসুম এখনও দরজায় কড়া নাড়েনি, অথচ তার আগেই কলকাতার বাজারে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। মাত্র এক পাক্ষিকের ব্যবধানে কেজিপ্রতি ৩০-৩৫ টাকা থেকে পেঁয়াজের দাম উঠে পৌঁছেছে ৬০-৬৫ টাকায়। ফলে উৎসবের মরসুমে সাধারণ মানুষের সংসার খরচ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত বছর আগস্টে কলকাতার বিভিন্ন খুচরো বাজারে পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ৩২-৩৫ টাকা। এ বছর সেই একই সময়ে দাম প্রায় দ্বিগুণ। বাজারের বিক্রেতাদের দাবি, ৪০ কেজির এক বস্তা পেঁয়াজ এখন কিনতেই খরচ হচ্ছে ২৩০০ থেকে ২৫০০ টাকা। অথচ মাত্র দু’সপ্তাহ আগেও সেই বস্তার দাম ছিল ১২০০-১৪০০ টাকার মধ্যে। তার উপর প্রতিটি বস্তায় প্রায় ৩-৪ কেজি পর্যন্ত নষ্ট বা বাছাই করা পেঁয়াজ থাকায় প্রকৃত ক্রয়মূল্য আরও বাড়ছে।গড়িয়াহাট, মানিকতলা, বেহালা, লেক মার্কেট, বেলেঘাটা-সহ শহরের বড় বাজারগুলির ব্যবসায়ীরা জানাচ্ছেন, আগস্ট থেকে অক্টোবরের মধ্যে পেঁয়াজের দামে ওঠানামা নতুন কিছু নয়। সাধারণত দীপাবলির দিকে দাম বাড়ে এবং পরবর্তীতে সরবরাহ স্বাভাবিক হলে কমতে শুরু করে। কিন্তু এ বছর সেই মূল্যবৃদ্ধি অনেক আগেই শুরু হয়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। বাজারের এই প্রবণতা অব্যাহত থাকলে দুর্গাপুজো ও দীপাবলির সময়ে পেঁয়াজের দাম আরও চড়া হতে পারে। বাংলায় পেঁয়াজ উৎপাদনের ক্ষেত্রে নদিয়া ও মুর্শিদাবাদ গুরুত্বপূর্ণ জেলা। পাশাপাশি হুগলি, পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও মালদহের কিছু এলাকাতেও সাম্প্রতিক বছরগুলিতে পেঁয়াজ চাষ বেড়েছে। সরকারি হিসেব অনুযায়ী, রাজ্যে বছরে প্রায় ৯ লক্ষ টন পেঁয়াজ উৎপাদন হয়। কিন্তু রাজ্যের মোট চাহিদার তুলনায় উৎপাদন প্রায় ৩ লক্ষ টন কম। ফলে ঘাটতি মেটাতে মরসুমের বিভিন্ন সময়ে মহারাষ্ট্র, কর্ণাটক ও রাজস্থানের উপর নির্ভর করতে হয় বাংলাকে। সমস্যার মূল জায়গা এখানেই। বাংলায় মূলত শীতকালেই পেঁয়াজের চাষ হয়। বর্ষার পর মাটির পরিস্থিতির কারণে খরিফ মরসুমে পেঁয়াজ চাষের সুযোগ সীমিত। শীতের ফসল ফেব্রুয়ারির শেষ দিক থেকে উঠতে শুরু করে এবং সেই পেঁয়াজের সংরক্ষণক্ষমতাও সাধারণত ৯০ থেকে ১০০ দিনের মধ্যে। ফলে স্থানীয় উৎপাদনের জোগান গ্রীষ্ম পেরিয়ে মাঝ জুলাই থেকেই কমতে শুরু করে। এই সময়েই বাজারে মজুতদারির অভিযোগ সামনে এসেছে। নদিয়া, হুগলি ও মুর্শিদাবাদের কিছু চাষির দাবি, স্থানীয় জোগান কমতে শুরু করলে কয়েকজন কৃষক বেশি দামের আশায় পেঁয়াজ সংরক্ষণ করে রাখেন। রাজ্যে প্রায় ৭ হাজার কোল্ড স্টোরেজ রয়েছে, যেখানে বিপুল পরিমাণ সবজি সংরক্ষণ করা সম্ভব। সরকারি আধিকারিকদের একাংশের মতে, বর্তমান মূল্যবৃদ্ধির পিছনে মজুতদারিও একটি সম্ভাব্য কারণ হতে পারে। এদিকে মহারাষ্ট্র, কর্ণাটক ও রাজস্থানের খরিফ পেঁয়াজের জোগানও ধীরে ধীরে কমছে। ফলে বাংলার বাজারে বাইরের রাজ্যের পেঁয়াজের উপর নির্ভরতা বাড়ছে। নাসিকের লাসালগাঁওয়ের পাইকারি বাজারে দাম বাড়ার সরাসরি প্রভাব পড়ছে বাংলার বাজারেও। কলকাতার কোলে মার্কেটের ব্যবসায়ীদের কথাতেও সেই উদ্বেগ স্পষ্ট। শুধু কলকাতা নয়, দিল্লির বাজারেও পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫০-৬০ টাকার মধ্যে রয়েছে। সর্বভারতীয় গড় খুচরো মূল্যও ৪৩ টাকার বেশি। দেশের পেঁয়াজ উৎপাদনকারী অন্যতম প্রধান রাজ্য মহারাষ্ট্রে খরিফ উৎপাদনে সামান্য ঘাটতি এবং দক্ষিণ ভারতে বৃষ্টি দেরিতে হওয়াকে বর্তমান জোগান সংকটের অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মূল্য নিয়ন্ত্রণে কেন্দ্রও কিছু পদক্ষেপ করেছে। চলতি বছরে সপ্তমবারের মতো পেঁয়াজের ন্যূনতম নিশ্চিত সংগ্রহমূল্য বাড়িয়ে কেজিপ্রতি ২৬.৪৫ টাকা করা হয়েছে। নাফেড ও এনসিসিএফ ইতিমধ্যেই প্রায় ১.২ লক্ষ টন পেঁয়াজ সংগ্রহ করেছে। পাশাপাশি বাফার স্টক থেকে প্রয়োজন অনুযায়ী পেঁয়াজ বাজারে ছাড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক মন্ত্রকের দাবি, বর্তমানে দেশে পেঁয়াজের জোগান মোটের উপর স্বস্তিদায়ক। ২০২৫-২৬ সালে প্রায় ৩০৭.৩৭ লক্ষ টন পেঁয়াজ উৎপাদনের অনুমান করা হয়েছে, যা আগের বছরের উৎপাদনের কাছাকাছি। শহরাঞ্চলে সরবরাহ বাড়াতে বিশেষ ট্রেনের মাধ্যমেও পেঁয়াজ পরিবহণ করা হচ্ছে। তবু কলকাতার বাজারে বাস্তব চিত্র অন্য কথা বলছে। সাধারণ মানুষের রান্নাঘরে প্রতিদিনের অপরিহার্য এই সবজির দাম যদি এভাবেই বাড়তে থাকে, তবে উৎসবের বাজারে তার প্রভাব পড়া সময়ের অপেক্ষা। পুজোর আগে নতুন জামাকাপড়, বাজার-সদাই আর উৎসবের খরচের তালিকায় এবার কি পেঁয়াজও হয়ে উঠবে বাড়তি বোঝা—সেই প্রশ্নই এখন ঘুরছে শহরের অলিগলিতে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper