AB Live News
“সুরক্ষা থেকে শক্তি—জাপানের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করছে ভারত!”
শ্রীতমা ব্যানার্জী ::ভারত-জাপান কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমির মধ্যে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতে সরকারি সফরে আসা জাপানের প্রতিরক্ষামন্ত্রী। বৈঠকে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার বিষয়ে জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত-জাপানের ‘স্পেশাল স্ট্রেটেজিক এন্ড গ্লোবাল পার্টনারশিপ ’-কে আরও শক্তিশালী করার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের ক্রমবর্ধমান সহযোগিতাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ভারত ও জাপানের নিরাপত্তা সহযোগিতা ইন্দো-প্যাসিফিক অঞ্চল-সহ বৃহত্তর পরিসরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বৈঠকে প্রধানমন্ত্রী মোদি জুলাই ২০২৬-এ ভারতের ১৬তম ভারত-জাপান বার্ষিক সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির ভারত সফরের কথা স্মরণ করেন। সেই সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে হওয়া বিস্তারিত আলোচনার প্রসঙ্গও উঠে আসে। একই সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় যে ধারাবাহিক অগ্রগতি হয়েছে, তার প্রশংসা করেন মোদি। বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী জানান, জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমির সঙ্গে ভারত-জাপান প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক আরও গভীর করার বিষয়ে তাঁর ‘দারুণ আলোচনা’ হয়েছে।
‘মেক ইন ইন্ডিয়া’য় জাপানের অংশীদারিত্বের আহ্বান
প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের দেশীয় শিল্প ও স্টার্ট-আপগুলির সঙ্গে জাপানি সংস্থাগুলির অংশীদারিত্বের সম্ভাবনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ‘মেক ইন ইন্ডিয়া ’ উদ্যোগের আওতায় প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উন্নয়ন এবং যৌথ উৎপাদনে জাপানকে অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি। অন্যদিকে, জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোইজুমি দুই দেশের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পাশাপাশি ভারতের সঙ্গে প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার বিষয়ে জাপান সরকারের ধারাবাহিক প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।বিশেষজ্ঞদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দ্রুত বদলে যাওয়া ভূকৌশলগত পরিস্থিতির মধ্যে ভারত ও জাপানের প্রতিরক্ষা সহযোগিতা দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠছে। প্রতিরক্ষা উৎপাদনে যৌথ উদ্যোগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়লে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও নতুন মাত্রা পেতে পারে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

