Khabor Ekhon
শাড়ির আড়ালে শয়তান! ‘তৃতীয় লিঙ্গের’ ছদ্মবেশে ঘরে ঢুকে মহিলাকে ধর্ষণের অভিযোগ
রিচা সেন ::মুম্বইয়ের পওয়াইয়ে এক ভয়াবহ যৌন নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের দাবি, ২৮ বছর বয়সি এক ব্যক্তি নিজেকে রূপান্তরকামী হিসেবে পরিচয় দিয়ে এক মহিলার বাড়িতে ঢুকে তাঁকে যৌন নির্যাতন করেন। ঘটনায় অভিযুক্ত অনিল শেষরাও শিন্দেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,‘কুনজর কাটানোর’ অজুহাতে অভিযুক্ত ওই মহিলার বাড়িতে প্রবেশ করেন। তিনি শাড়ি পরে নিজেকে রূপান্তরকামী হিসেবে পরিচয় দিয়েছিলেন বলে অভিযোগ। বাড়ির ভিতরে ঢোকার পর তিনি সোজা শোওয়ার ঘরে চলে যান এবং মহিলাকে শারীরিকভাবে ক্ষতি করার হুমকি দেন। এরপরই যৌন নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ।
ঘটনার পর পওয়াই থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। ফুটেজে অভিযুক্তকে শাড়ি পরে একটি অটোরিকশায় এলাকা ছাড়তে দেখা যায়। তদন্তকারীরা সেই সূত্র ধরে থানের খারেগাঁওয়ের একটি বস্তি এলাকায় পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করেন।
পুলিশের আরও দাবি, অভিযুক্ত শুধু রূপান্তরকামীর ছদ্মবেশই নিতেন না, কখনও ভিখারির পরিচয়ও ব্যবহার করতেন। মানুষের বিশ্বাস ও অসতর্কতার সুযোগ নিয়ে বাড়িতে প্রবেশ করাই তাঁর কৌশল ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় ফের প্রশ্ন উঠেছে অপরিচিত ব্যক্তিকে যাচাই না করে বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া নিয়ে। পুলিশ সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং অচেনা কাউকে কোনও অজুহাতে বাড়ির ভিতরে প্রবেশ করতে না দেওয়ার পরামর্শ দিয়েছে।
সতর্কবার্তা: পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত না হয়ে কোনও অপরিচিত ব্যক্তিকে বাড়িতে প্রবেশের অনুমতি দেবেন না। সন্দেহজনক আচরণ দেখলে দ্রুত স্থানীয় পুলিশকে জানান।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

