Khabor Ekhon
সেলফির অজুহাতে পিতৃত্বের কলঙ্ক! যমুনায় ছুড়ে দিল নিজের মেয়েকে
রাজনন্দিনী ঘোষ : আগ্রায় ভয়াবহ ঘটনা। এক বছরের শিশুকন্যাকে কোলে নিয়ে সেলফি তোলার অজুহাতে যমুনা নদীতে ছুড়ে ফেলার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। শুধু তাই নয়, স্ত্রী বাধা দিতে গেলে তাঁকেও সেতু থেকে নদীতে ঠেলে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। ঘটনার পর থেকেই নিখোঁজ শিশুটির খোঁজে যমুনায় তল্লাশি চালাচ্ছেন ডুবুরিরা।
ঘটনাটি ঘটেছে আগ্রার সিকান্দ্রা থানার অন্তর্গত আকবরা যমুনা সেতুতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিঙ্কু নামে ওই ব্যক্তি স্ত্রী লক্ষ্মী ও এক বছরের মেয়েকে নিয়ে মোটরবাইকে আগরা শহরের দিকে যাচ্ছিলেন। পথে স্বামী-স্ত্রীর মধ্যে কোনও বিষয় নিয়ে বচসা হয় বলে অভিযোগ।এরপর সেতুর উপর মোটরবাইক থামিয়ে রিঙ্কু স্ত্রীকে জানান, মেয়েকে নিয়ে তিনি একটি সেলফি তুলতে চান। অভিযোগ, শিশুকে কোলে নিয়ে সেতুর রেলিংয়ের কাছে গিয়ে ছবি তোলার পর আচমকাই মেয়েকে যমুনায় ছুড়ে দেন তিনি। ঘটনা দেখে স্ত্রী লক্ষ্মী ছুটে গেলে তাঁকেও নদীতে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তাঁর চিৎকারে সেতুতে থাকা লোকজন ছুটে আসেন। লক্ষ্মী তাঁদের গোটা ঘটনা জানালে ক্ষুব্ধ জনতা রিঙ্কুকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এদিকে খবর পেয়ে যমুনায় তল্লাশি অভিযান শুরু করেছে প্যাক -এর ডুবুরি দল। শিশুটিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। নদীতে স্রোত ও পরিস্থিতি বিবেচনা করে তল্লাশি চালানো হচ্ছে।লক্ষ্মীর অভিযোগের ভিত্তিতে সিকান্দ্রা থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুটির সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। ঘটনার পিছনে ঠিক কী কারণ ছিল, তা তদন্তের পরই স্পষ্ট হবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

