Khabor Ekhon
ক্রাউডফান্ডিংয়ে বিশ্বকাপ, মাঠে ভারতের কাছে হার, হকির দুই বাস্তবতার লড়াই!
সঞ্জয় মিত্র : বিশ্বকাপের প্রথম ম্যাচেই দাপুটে জয় ভারতের। শনিবার পুল ডি-র ম্যাচে ওয়েলসকে ৩-১ গোলে হারিয়ে অভিযান শুরু করল হরমনপ্রীত সিংয়ের দল। জোড়া গোল করলেন অধিনায়ক হরমনপ্রীত, একটি গোল করলেন সঞ্জয়। তবে এই ম্যাচের ফলাফলের পাশাপাশি সামনে এল আন্তর্জাতিক হকির দুই দলের আর্থিক বৈষম্যের ছবিও।
একদিকে বিশ্বকাপের প্রস্তুতিতে প্রায় এক বছর জাতীয় শিবিরে থেকে যাবতীয় সুযোগ-সুবিধা পেয়েছে ভারত। অন্যদিকে বিশ্বকাপে অংশ নেওয়ার খরচ জোগাড় করতে সমর্থকদের কাছে ক্রাউডফান্ডিংয়ের আবেদন করতে হয়েছিল ওয়েলসকে। তাদের লক্ষ্য ছিল ৪০ হাজার পাউন্ড। টুর্নামেন্ট শুরুর সময়ও প্রায় ১,৯২৯ পাউন্ড ঘাটতি ছিল। শেষ পর্যন্ত ৩৮,০৭১ পাউন্ড অর্থাৎ প্রায় ৪৯.২৬ লক্ষ টাকা সংগ্রহ করে তারা।
ওয়েলসের হকি দলের সদস্যদের নিজেদেরও বছরে প্রায় ১,২০০ পাউন্ড করে যাতায়াত ও থাকার খরচ বহন করতে হয়। এমনকী হকি ওয়েলস -এর তরফেও প্রায় ১ লক্ষ পাউন্ডের বার্ষিক ঘাটতির কথা স্বীকার করা হয়েছে। ফলে বিশ্বকাপের মতো মঞ্চে পৌঁছনোটাই তাদের কাছে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ভারতীয় দলের প্রস্তুতি ছিল সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘ জাতীয় শিবির, উন্নত প্রশিক্ষণ, স্পোর্টস সায়েন্স, বিদেশে প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে থাকা-খাওয়ার ব্যবস্থা—সবকিছুরই আয়োজন ছিল কেন্দ্রীয় ব্যবস্থাপনায়। সরকারি অনুদান ও স্পনসরদের সহায়তাও রয়েছে ভারতীয় হকির পিছনে।
মাঠের লড়াইয়েও সেই ব্যবধানের প্রতিফলন দেখা গেল। ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল ভারত। অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে সঞ্জয়ের নিচু শটে এগিয়ে যায় দল। হরমনপ্রীত মাঠে না থাকায় সেই সুযোগ কাজে লাগানোর দায়িত্ব ছিল সঞ্জয়ের উপর। নিজের দক্ষতার প্রমাণ দিয়ে সেই দায়িত্ব সফলভাবে পালন করেন তিনি। এরপর একের পর এক আক্রমণ তৈরি করে ভারত। বল দ্রুত গতিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গিয়ে ওয়েলসের রক্ষণকে চাপে ফেলে দেন হার্দিক সিংরা। তবে শেষ মুহূর্তে তাড়াহুড়োর কারণে ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি। পেনাল্টি কর্নার অবশ্য নিয়মিত আদায় করে নেয় ভারত। সেখানেই নিজের ফর্ম নিয়ে যাবতীয় সংশয় দূর করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। পরপর দুটি পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে শক্ত অবস্থানে নিয়ে যান তিনি।
শেষ দিকে ওয়েলস একটি গোল শোধ করলেও ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া করেনি ভারত। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে তিন পয়েন্ট তুলে নেয় হরমনপ্রীতের দল। ভারতের জন্য এই জয় গুরুত্বপূর্ণ হলেও সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। ১৭ অগস্ট ইংল্যান্ড এবং ১৯ অগস্ট পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। তাই ওয়েলস ম্যাচে জয় পেলেও আসল চ্যালেঞ্জ এখন থেকেই শুরু। অধিনায়ক হরমনপ্রীতও দলের পারফরম্যান্সে খুশি। তবে তাঁর চাওয়া আরও বেশি—আরও নিয়ন্ত্রণ, আরও গোল এবং বিশেষ করে একটি ফিল্ড গোল। ওয়েলসের বিরুদ্ধে নিখুঁত না হয়েও জয় এসেছে। পরের ম্যাচগুলিতে সেই নিখুঁত পারফরম্যান্সই ভারতের লক্ষ্য।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

