Khabor Ekhon
বাড়ি দেখাতে গিয়ে পিটবুলের হামলা! সিসিটিভিতে ভয়াবহ ছবি, প্রশ্নে মালিকের দায়িত্ব
রাজনন্দিনী ঘোষ : ভাড়ার বাড়ি দেখতে গিয়ে ভয়াবহ পিটবুল হামলার শিকার হলেন এক দম্পতি। পাটিয়ালার ঘুমান নগরে মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। হামলার সেই মুহূর্তের একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জানা গিয়েছে, একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার অঙ্কিত সভরওয়াল এবং তাঁর স্ত্রী, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শিফালি সভরওয়াল, এক সম্পত্তি ব্যবসায়ীর সঙ্গে বাড়ি দেখতে গিয়েছিলেন। বাড়ির গেট খোলার সঙ্গে সঙ্গেই আচমকা একটি পিটবুল ছুটে এসে শিফালির উপর ঝাঁপিয়ে পড়ে।
অঙ্কিতের দাবি, তাঁর স্ত্রীকে কুকুরটি ভয়াবহভাবে কামড়ে দেয়। শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত তৈরি হয়। তাঁকেও স্ত্রীকে বাঁচাতে গিয়ে পা ও পিঠে গুরুতর কামড়ের আঘাত সহ্য করতে হয়। অঙ্কিতের শরীরে একাধিক সেলাই পড়েছে। অন্যদিকে শিফালিকে হাসপাতালে ভর্তি করে তাঁর হাত ও পায়ে অস্ত্রোপচার এবং প্লাস্টিক সার্জারি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
অঙ্কিত বলেন, “আমার শরীরে সর্বত্র সেলাই পড়েছে। আমার স্ত্রীর হাত ও পায়ে অস্ত্রোপচার হয়েছে। আমরা বিচার চাই। মালিক বারবার থামতে বললেও কুকুরটি থামেনি।”
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, কুকুরটি দম্পতিকে আক্রমণ করার পর আশপাশের কয়েকজন বাসিন্দা লাঠি নিয়ে সেটিকে সরানোর চেষ্টা করছেন। এক মহিলা বাড়ি থেকে লাঠি নিয়ে এসে কুকুরটিকে আটকানোর চেষ্টা করেন। পরে আরও কয়েকজন এগিয়ে এসে কোনওরকমে আহত দম্পতিকে কুকুরটির কবল থেকে উদ্ধার করেন।
ঘটনার খবর পুলিশকে দেওয়া হয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর পুলিশও বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে। ডিএসপি জাংজিত রন্ধাওয়া জানান, পুলিশ ভিডিওটি যাচাই করেছে এবং আক্রান্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। শিফালির মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
পুলিশের বক্তব্য, পোষ্য প্রাণীর কামড়ে কেউ আহত হলে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ২৯১ ধারায় মামলা রুজু করা যেতে পারে। বিপজ্জনক কুকুরের প্রজাতি পালনের বিষয়েও আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ১৫ অগস্টের পর এ ধরনের ঘটনার বিরুদ্ধে অভিযান চালিয়ে কুকুর পালনের নিয়মকানুন যাচাই করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ডিএসপি।
এদিকে পাটিয়ালার মেয়র কুন্দন গোগিয়া জানিয়েছেন, শহরে আক্রমণাত্মক কুকুরের প্রজাতি পোষ্য হিসেবে রাখার উপর নিষেধাজ্ঞা আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পুরসভার হাউস মিটিংয়ে এ নিয়ে বিশেষ প্রস্তাব আনা হতে পারে।
ঘটনাকে ঘিরে ফের প্রশ্ন উঠেছে শহরে মানুষের নিরাপত্তা নিয়ে। এর আগে ৯ অগস্ট গুরু নানক নগর এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার সময় এক কিশোরীও একটি পথকুকুরের হামলার শিকার হয়েছিল। পরপর এমন ঘটনায় পাটিয়ালায় কুকুরের আক্রমণ নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

