AB Live News
আগে ChatGPT-তে ‘খুনের কল্পনা’ সার্চ, পরে রক্তাক্ত বাড়ি! মা-ভাই হত্যায় ১৭ বছরের কিশোর
রাজনন্দিনী ঘোষ :আমেরিকার ম্যাসাচুসেটসে নিজের মা ও ১৪ বছরের ভাইকে হত্যার অভিযোগ উঠল ১৭ বছরের ভারতীয় বংশোদ্ভূত কিশোরের বিরুদ্ধে। পুলিশের হাতে গ্রেফতার হওয়া ওই কিশোরের বিরুদ্ধে দুটি খুনের মামলা-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে—অভিযোগ, পরিবারের সদস্যদের খুন করার ‘কল্পনা’ বা তাত্ত্বিক ধারণা নিয়ে ইন্টারনেটের পাশাপাশি ChatGPT-তেও সার্চ করেছিল সে।
মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দফতর ও পুলিশের বক্তব্য অনুযায়ী, অভিযুক্তের নাম অর্জুন অরবিন্দ। নিহতরা হলেন তার মা ৪৫ বছরের সুধা ভেঙ্কটেশন এবং ১৪ বছরের ভাই সিদ্ধার্থ অরবিন্দ।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার, ১১ অগস্ট সন্ধ্যার পর। প্রায় সাড়ে ৬টা নাগাদ অর্জুনের বাবা পুলিশকে ফোন করে জানান, স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে দীর্ঘক্ষণ যোগাযোগ করতে পারছেন না তিনি। ওই বাড়িতে যাওয়ার কথা ছিল এক শিক্ষকেরও। তিনিও পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন।
পুলিশ পরে অ্যাক্টনের বাড়িতে গিয়ে দুই ভাই-বোন? না—বাড়ির ভিতরেই দুই মৃতদেহ উদ্ধার করে। তদন্তকারীরা জানান, সিদ্ধার্থের দেহ পাওয়া যায় বাড়ির প্রথম তলায়। আর সুধার দেহ ছিল বেসমেন্টে। দু’জনের শরীরেই স্পষ্ট আঘাতের চিহ্ন ছিল। তবে ঠিক কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে এবং কোনও অস্ত্র ব্যবহার করা হয়েছিল কি না, তা এখনও নিশ্চিত করেনি পুলিশ।
ঘটনার সময় অর্জুন বাড়িতে ছিল না। তদন্তকারীদের দাবি, সে তার মায়ের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। প্রাথমিক তল্লাশিতে তার সন্ধান না মেলায় বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থাকে সতর্ক করা হয় এবং তার খোঁজে অভিযান শুরু হয়।
শেষ পর্যন্ত বুধবার ভোরে ম্যাসাচুসেটসের ওয়েল্যান্ডে একটি পার্কিং লটে ওই গাড়িটির সন্ধান মেলে। অন্য একটি ঘটনায় সেখানে পুলিশ পৌঁছেছিল। গাড়ির ভিতরেই অর্জুনকে পাওয়া যায়। পরে কোনওরকম সংঘর্ষ ছাড়াই তাকে হেফাজতে নেয় পুলিশ।
তবে তদন্তে সবচেয়ে বেশি চাঞ্চল্য তৈরি করেছে অর্জুনের সাম্প্রতিক আচরণ সংক্রান্ত তথ্য। অ্যাটর্নির দফতরের দাবি, গত কিছুদিন ধরে তার আচরণে উদ্বেগজনক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। তদন্তকারীরা জানতে পেরেছেন, পরিবারের সদস্যদের খুন করার সম্ভাব্য উপায় বা ‘কিলিং ফ্যান্টাসি’ নিয়ে সে ইন্টারনেট এবং ChatGPT-তে অনুসন্ধান করেছিল।
পুলিশের হাতে আসা এই তথ্যের ভিত্তিতেই ঘটনার আগে তার মানসিক অবস্থা ও অনলাইন কার্যকলাপ খতিয়ে দেখা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের সঠিক উদ্দেশ্য কী ছিল, তা এখনও স্পষ্ট নয়।
খুনের অভিযোগের পাশাপাশি অর্জুনের বিরুদ্ধে পরিবারের সদস্যকে আক্রমণ ও মারধর, assault and battery, অনুমতি ছাড়া গাড়ি ব্যবহার এবং মোটরগাড়ি চুরির অভিযোগও আনা হয়েছে।
অর্জুনকে প্রথমে স্থানীয় জুভেনাইল কোর্টে তোলা হবে। তবে খুনের মামলার বিচার করার ক্ষমতা ওই আদালতের নেই। ফলে পরবর্তী সময়ে তাকে ডিস্ট্রিক্ট কোর্টে খুন ও সংশ্লিষ্ট অন্যান্য অভিযোগের মুখোমুখি হতে হবে।
সুধা ভেঙ্কটেশন ও সিদ্ধার্থ অরবিন্দের মৃত্যুর ঘটনায় তদন্ত এখনও চলছে। পরিবারের ভারতীয় যোগ থাকলেও তাঁরা ভারতের কোন রাজ্য থেকে আমেরিকায় গিয়েছিলেন, সে বিষয়ে এখনও সরকারি ভাবে কোনও তথ্য জানানো হয়নি।
একই পরিবারের দুই সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে অ্যাক্টনে চাঞ্চল্য ছড়িয়েছে। আর তদন্তের সঙ্গে উঠে আসা ChatGPT ও অনলাইন সার্চের তথ্য ঘটনাটিকে আরও গভীর ও উদ্বেগজনক মাত্রা দিয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

