Khabor Ekhon
হাইকোর্টের ‘না’-এর পর সুপ্রিম কোর্টে ‘হ্যাঁ’, বিদেশে চিকিৎসার রাস্তা খুলল অভিষেকের!
শ্রীতমা ব্যানার্জী :বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করানোর অনুমতি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার, ১০ আগস্ট, তাঁর বিদেশযাত্রার আবেদনে অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের আগের নির্দেশও বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে এর আগে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন অভিষেক। কিন্তু ৫ আগস্ট সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। আদালতের নির্দেশ ছিল, প্রথমে কলকাতার এসএসকেএম হাসপাতালে গঠিত মেডিক্যাল বোর্ডের কাছে পরীক্ষা করাতে হবে। বিদেশে চিকিৎসার প্রয়োজন রয়েছে কি না, সেই বিষয়ে মেডিক্যাল মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিল আদালত। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। তাঁর আইনজীবীর দাবি ছিল, দীর্ঘদিন ধরে তিনি বিদেশের এক বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চোখের চিকিৎসা করাচ্ছেন এবং আগের চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতেই বিদেশে যেতে চান।
অন্যদিকে, রাজ্যের তরফে বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আপত্তি জানানো হয়েছিল। চলমান তদন্ত ও মামলার প্রভাব পড়তে পারে বলেও আদালতে যুক্তি দেওয়া হয়। অভিষেকের চোখে ২০১৬ সালে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার পর গুরুতর চোট লাগে। সেই সময় থেকেই চোখের চিকিৎসা নিয়ে তিনি বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছেন।
শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের অনুমতিতে বিদেশে গিয়ে চোখের চিকিৎসার রাস্তা খুলে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

