Khabor Ekhon
নতুন রূপে যাদবপুর স্টেশন! মিনি মার্ট থেকে লিফট-সহ FOB, বদলাবে যাত্রী পরিষেবা
শ্রীতমা ব্যানার্জী : যাত্রী পরিষেবায় আরও গতি আনতে এবং স্টেশনের পরিকাঠামো আধুনিক করতে বড়সড় বদলের পথে যাদবপুর রেল স্টেশন। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের অধীন এই স্টেশনে তৈরি হতে চলেছে আধুনিক মিনি মার্ট। পাশাপাশি নতুন টিকিট বুকিং অফিস, লিফট-সহ আধুনিক ফুট ওভার ব্রিজ (FOB) এবং উন্নত সার্কুলেটিং এরিয়ার ব্যবস্থাও করা হবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) শিব্রাম মাঝি জানিয়েছেন, যাদবপুর স্টেশনকে আধুনিক যাত্রীকেন্দ্রিক পরিবহণ কেন্দ্র হিসেবে গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। একই সঙ্গে স্থানীয় ছোট ব্যবসায়ী ও ক্ষুদ্র বিক্রেতাদের জন্য সংগঠিত বাণিজ্যিক পরিসর তৈরি করা হবে।
৩,০৪৫ বর্গমিটার এলাকায় মিনি মার্ট
রেল সূত্রে জানা গিয়েছে, যাদবপুর স্টেশনে প্রায় ৩,০৪৫ বর্গমিটার এলাকা জুড়ে মিনি মার্ট তৈরি, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের পরিকল্পনা করা হয়েছে। সেখানে খুচরো দোকান, প্রয়োজনীয় পরিষেবা এবং দৈনন্দিন ব্যবহারের সামগ্রী এক ছাদের নীচে পাওয়ার ব্যবস্থা থাকবে। এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল ছোট ব্যবসায়ীদের সুযোগ করে দেওয়া। মিনি মার্টের মোট জায়গার কমপক্ষে ৫০ শতাংশ ছোট দোকান, কিয়স্ক ও স্টলের জন্য সংরক্ষিত থাকবে। প্রতিটি ইউনিটের আয়তন সর্বোচ্চ ৮০ বর্গফুট হবে। পাশাপাশি সর্বোচ্চ ২৫ শতাংশ জায়গা বড় খুচরো বিপণির জন্য ব্যবহার করা যাবে।
যাত্রীদের জন্য থাকবে উন্নত পরিকাঠামো
শুধু ব্যবসায়িক পরিকাঠামো নয়, যাত্রীদের চলাচল এবং স্বাচ্ছন্দ্যের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। মোট এলাকার প্রায় ২০ থেকে ৩০ শতাংশ যাত্রীদের চলাচলের পথ, ওয়াকওয়ে এবং সৌন্দর্যায়নের জন্য রাখা হবে। এছাড়াও ৫ থেকে ২০ শতাংশ জায়গা ব্যবহার করা হবে শৌচাগার, পার্কিংয়ের মতো প্রয়োজনীয় জনপরিষেবার জন্য। ফলে নতুন মিনি মার্টের পাশাপাশি যাত্রীদের সামগ্রিক অভিজ্ঞতাও উন্নত হবে বলে আশা করছে রেল।
নতুন টিকিট কাউন্টার, লিফট-সহ FOB
মিনি মার্টের পাশাপাশি যাদবপুর স্টেশনের অন্যান্য পরিকাঠামোতেও বদল আনা হবে। তৈরি হবে নতুন টিকিট বুকিং অফিস। যাত্রীদের যাতায়াত আরও সহজ করতে লিফট-সহ আধুনিক ফুট ওভার ব্রিজ (FOB) তৈরি করা হবে। স্টেশনের দু’দিকের সার্কুলেটিং এরিয়াও উন্নত করা হবে।
পূর্ব রেলের দাবি, এই প্রকল্পের ফলে যাত্রীদের প্রয়োজনীয় পরিষেবা এক জায়গায় পাওয়া সহজ হবে। একই সঙ্গে স্টেশনের সামগ্রিক চেহারাতেও আধুনিকতার ছোঁয়া আসবে।
ছোট ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ
রেল কর্তৃপক্ষের বক্তব্য, প্রকল্পটির অন্যতম লক্ষ্য হল স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আইনি ও সংগঠিত কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। ছোট দোকান ও স্টলের জন্য নির্দিষ্ট জায়গা থাকায় ব্যবসায়ীরা আরও সুশৃঙ্খল পরিবেশে কাজ করার সুযোগ পাবেন। এই মিনি মার্টের চুক্তির মেয়াদ ১০ বছর। এর মাধ্যমে পূর্ব রেলের Non-Fare Revenue (NFR) বা ভাড়া-বহির্ভূত আয়ও বাড়বে।
রেল কর্তৃপক্ষের আশা, যাদবপুর স্টেশনের এই পরিকাঠামোগত উন্নয়ন যাত্রী পরিষেবাকে আরও আধুনিক ও স্বচ্ছন্দ করবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

