Khabor Ekhon
নিট আন্দোলনে মমতার এন্ট্রি, যন্তর মন্তরে বাড়ছে বিরোধী চাপ
রাজনন্দিনী ঘোষ : নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে দিল্লির জন্তর মন্তরে চলা ককরোচ জনতা পার্টির আন্দোলনে এবার সরাসরি যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, আগামী ২৭ জুলাই তিনি দিল্লি পৌঁছে সোমবার দুপুরে আন্দোলনস্থলে উপস্থিত থাকবেন এবং প্রতিবাদী ছাত্র-যুবদের উদ্দেশে বক্তব্য রাখবেন।
দলীয় সূত্রের দাবি, CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক দিনে একাধিকবার কথা বলেছেন। পাশাপাশি তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ ও দোলা সেন নিয়মিত সিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও দাবি করা হয়েছে। ২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, তিনি খুব শীঘ্রই দিল্লিতে গিয়ে নিট আন্দোলনের পাশে দাঁড়াবেন। সেই ঘোষণারই বাস্তবায়ন হতে চলেছে সোমবার। এদিকে, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার কলকাতায় পদ্মপুকুর থেকে মৌলালি মোড় পর্যন্ত নিট আন্দোলনের সমর্থনে একটি সংহতি মিছিলেরও আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির জন্য পুলিশের অনুমতিও মিলেছে।
সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তিনি শুরু থেকেই ছাত্রদের আন্দোলনের পাশে রয়েছেন। তাঁর অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দিল্লি পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও পেলেট গান ব্যবহার করেছে, যা অত্যন্ত উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য।
একই সঙ্গে কেন্দ্রকেও নিশানা করে তিনি প্রশ্ন তুলেছেন, ২০২৪ সালের নিট প্রশ্নফাঁস মামলায় সিবিআই যদি মূল অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ না পেয়ে থাকে, তবে কেন্দ্রীয় সরকার ও শিক্ষামন্ত্রীকে কেন জবাবদিহি করতে হচ্ছে না? তাঁর দাবি, দেশের ছাত্র-যুবদের ন্যায্য দাবির লড়াইয়ে সমগ্র বিরোধী শিবির তাঁদের পাশে রয়েছে।
তবে দিল্লি সফরে সিজেপির আন্দোলনে যোগ দেওয়া ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কোনও বিরোধী নেতার সঙ্গে বৈঠক করবেন কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তৃণমূল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

