Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

“এক নদী, তিন দেশের নজর— তিস্তা ঘিরে নতুন সময়ের সূচনা।”

0 4,329,132

শ্রীতমা ব্যানার্জী : বেইজিং সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের জলসম্পদমন্ত্রী লি গুওইং-এর বৈঠকে তিস্তা নদী ব্যবস্থাপনা-সহ বাংলাদেশের বিভিন্ন নদী উন্নয়ন প্রকল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। এই বৈঠককে শুধু জলসম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রেই নয়, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণের দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

স্থানীয় সময় দুপুর ১২টায় বেইজিংয়ের ন্যাশনাল দিওয়ুতাই গেস্টহাউসে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশের চলমান নদী খনন কর্মসূচি, বন্যা নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ এবং জলসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয় তুলে ধরেন। তিনি বিশেষভাবে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, চীনের জলসম্পদমন্ত্রী বাংলাদেশের প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং জলসম্পদ ব্যবস্থাপনায় পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বৈঠকে লি গুওইং ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক মৌ -এর প্রসঙ্গ উল্লেখ করেন। পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন যে গত বছর চীনের জল বিশেষজ্ঞদের একটি দল বাংলাদেশ সফর করে নদী ব্যবস্থাপনা ও গবেষণার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেছিল।

লি গুওইং বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে জলসম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত সহযোগিতা বাস্তবভিত্তিক এবং গবেষণানির্ভর। তিনি বাংলাদেশের জলসম্পদ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণেরও আহ্বান জানান। তাঁর মতে, নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ ব্যবস্থায় চীনের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জন্য কার্যকর হতে পারে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নদীভাঙন প্রতিরোধ, সেচ ব্যবস্থার আধুনিকীকরণ এবং নৌপথ উন্নয়নে চীনের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি ও কৃষি খাতের উন্নয়নের জন্য নদী ব্যবস্থাপনার আধুনিক সমাধান এখন সময়ের দাবি।

তিস্তা প্রকল্প দীর্ঘদিন ধরেই বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের অন্যতম প্রধান প্রত্যাশা। নদীর পানিপ্রবাহ নিয়ন্ত্রণ, নদীশাসন, বন্যা প্রতিরোধ, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং নদীকেন্দ্রিক অর্থনীতির উন্নয়নকে সামনে রেখে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড  এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান (পাওয়ার চায়না) তিস্তা সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের অগ্রগতি এগিয়ে নিতে সমঝোতা স্মারকের মেয়াদ বৃদ্ধির চুক্তি স্বাক্ষর করে।

তবে এই প্রকল্পকে ঘিরে আঞ্চলিক কূটনীতিতেও নতুন আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ভারত বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে বিভিন্ন মহলের ধারণা। তিস্তা অববাহিকার ভৌগোলিক অবস্থান এবং ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’-এর নিকটবর্তী হওয়ায় চীনের সক্রিয় অংশগ্রহণ ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা এই সংকীর্ণ করিডর দেশটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে তিস্তা অঞ্চলে চীনা প্রযুক্তিগত বা অবকাঠামোগত উপস্থিতি বৃদ্ধি পেলে তা ভারতের নিরাপত্তা ও কৌশলগত পরিকল্পনায় নতুন প্রশ্নের জন্ম দিতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, বাংলাদেশ সরকার বারবার জোর দিয়ে বলছে যে তিস্তা প্রকল্প মূলত উন্নয়ন, নদী পুনরুদ্ধার এবং জনকল্যাণকেন্দ্রিক উদ্যোগ। সরকারের মতে, এই প্রকল্পের লক্ষ্য উত্তরাঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি, বন্যা ও নদীভাঙন রোধ এবং নদীকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে শক্তিশালী করা।

বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করেন। বাংলাদেশে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি এবং শিল্প খাতে আরও বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এর ফলে ঢাকা-বেইজিং অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত মিলেছে।

বিশ্লেষকদের মতে, তিস্তা প্রকল্প এখন শুধু একটি নদী ব্যবস্থাপনা পরিকল্পনা নয়; এটি দক্ষিণ এশিয়ার কূটনীতি, অর্থনীতি এবং আঞ্চলিক কৌশলগত ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত হয়েছে। আগামী দিনে বাংলাদেশ, চীন এবং ভারতের পারস্পরিক সম্পর্কের ওপর এই প্রকল্পের প্রভাব কতটা বিস্তৃত হয়, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper