Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

প্রাক্তন নাইটের হাতে পঞ্চম হার

0 634,897,686

 ভাগ্যিস পাঞ্জাব ম্যাচে বৃষ্টি নেমেছিল। কেকেআর তাতে ১ পয়েন্ট পায়। এখনও সেটাই নাইটদের একমাত্র পয়েন্ট। বেচারা নাইটপ্রেমীরা!

শুক্রবার আর একটা ম্যাচ খেলল কলকাতা নাইট রাইডার্স। তাতে পরিস্থিতি দাঁড়াল কেকেআর ৬ ম্যাচ। ৫ হার। পয়েন্ট ১। অবস্থান ১০। রাহানেরা রবিবার ইডেনে রাজস্থান রয়্যালসকে খেলবেন। বৈভবকে দেখতে ভিড় হবে। কিন্তু নাইটদের এমন ভয়াবহ ক্রিকেটে আর কি মাঠ বেগুনি হবে? বলা হয়নি আমেদাবাদে গুজরাট টাইটান্সের কাছে ৫ উইকেটে হেরেছেন রাহানেররা। হারের বিশদ ব্যাখ্যায় না গেলেও চলে। আগের ম্যাচগুলো যেমন ছিল এটাও তাই। শুভমন গিল ৮৬ রান করে গেলেন। প্রাক্তন নাইটের ক্যাপ্টেনস নক। মনে করা যাক, শ্রেয়স, সল্ট, স্টার্কের মতো এই শুভমনকেও ঢক্কা নিনাদ সহযোগে বিদায় দিয়েছিল সোনালি-বেগুনি।
গুজরাট দুটো ম্যাচ জিতে এই ম্যাচে নেমেছিল। তাদের টপ অর্ডার হেভি হলেও ঝটকা দেওয়া যেত। অনেকে দিয়েছে। কিন্তু তার মধ্যে কেকেআর পড়ে না। না হলে বোর্ডে ১৮০ নিয়ে কিছুটা লড়া যেত। মুশকিল হচ্ছে বোলিং কোচ টিম সাউদির হাতে থাকা এই বোলিং চোখে জল এনে দেওয়ার মতো। ৬ ম্যাচ হয়ে গেল। জয় নেই। উন্নতির কোনও লক্ষণ নেই। একটা ডিউ স্লিপ মাঝেমধ্যে ঘুরছে। পাথিরানা আসছেন। এটা গোড়া কেটে আগায় জল হবে না তো। এত হারার পর ১৮ কোটির বোলার কী করবেন। কিন্তু প্রশ্ন উঠবে সাপোর্ট স্টাফদের নিয়ে। এত রান নিয়েও উইকেট ফেলা যাচ্ছে না!
কেকেআরের সিগন্যাল এদিন গ্রিন হল। রান পেলেন ক্যামেরন গ্রিন। কিন্তু তাঁর পাশে কেউ দাঁড়ালেন না। দাঁড়াতে পারেননি। ৫৫ বলে ৭৯ রান সাংঘাতিক কিছু নয়, তবে নাইটরা যে ২০ ওভারে ১৮০ রান করতে পারল সেটা গ্রিনের জন্য। না হলে নাইটরা ড্রেসিংরুমে ফেরার শোভাযাত্রা করেছেন। টপ অর্ডার দুমদাম করে আউট হওয়ায় দরকার ছিল মিডল ও লোয়ার অর্ডারে একটা-দুটো পার্টনারশিপের। সেটা হয়নি। গ্রিন আর পাওয়েল আশা দেখিয়েছিলেন। পরে মনে হল মরীচিকা। না হলে ৫৫ রানের বেশি গেল না কেন। আরও যেটা বলার, রিঙ্কু (১), রমনদীপ (১৭), নারিনরা (০) উইকেট দিতে নেমেছিলেন! বলা হচ্ছিল রিঙ্কু আর রমনদীপ নাকি দুই ফিনিশার। এখন কী বলা হবে?
একটা ইনিংসে তিনজন ০। এর বাইরে দুই অঙ্কের নিচে পাঁচজন। এরপরও কেকেআর ১৮০ পর্যন্ত গিয়েছে গ্রিনের জন্য। এটা ঘটনা যে পরের দিকে অনেক বেশি বল খরচ করেছেন দীর্ঘকায় অজি। কিন্তু তিনি কী করবেন যদি উল্টো দিক থেকে তাসের ঘরের মতো ইনিংস ভেঙে পড়ে। সিরাজ ২, রাবাডা ৩ আর অশোক শর্মা ২ উইকেট নিয়েছেন। কিন্তু এসব দেখে এটা বলা যাবে না যে উইকেট সিমারদের দু’হাত তুলে আশীর্বাদ করেছে। এখানে অ্যাভারেজ স্কোর ২১০। কেকেআর ৩০ কম করেছে। সেটা ব্যাটারদের ব্যর্থতায়।
আগের ম্যাচে পাওয়ার প্লে-তে ৩৬ করেছিল কেকেআর। শুক্রবার ৩৮। ৩ উইকেট হারিয়ে। চেন্নাইয়ের কাছে হারের পর অধিনায়ক ব্যাটিংকে দুষেছিলেন। মোতেরায় একই ঘটনার পুনরাবৃত্তি হল। এজন্য কেকেআর অধিনায়ক দায় এড়াতে পারেন না। চতুর্থ বলে নিজের উইকেট দিয়ে এলেন সিরাজকে। ঠিক শর্ট বল ছিল না। রাহানে (০) হাফভলি ধরে নিয়ে ওড়াতে গিয়েছিলেন। বল সোজা রাবাডার হাতে। পরের দুই উইকেট সাইফার্ট (১৯) আর অঙ্গকৃশের (৮)। কেকেআর তখন ৪ ওভারে ৩২/৩।
ঠিক এখানেই ছিল পঁচিশ কোটির গ্রিনের পরীক্ষা। রোজই তিনি ব্যর্থ হচ্ছেন আর দল তাঁকে পরের পর ম্যাচ দিয়ে যাচ্ছে। তিন উইকেট চলে যাওয়ার পর গ্রিনের সঙ্গী হন রভমান পাওয়েল। তাঁরও এক অবস্থা। টুকটাক রান করছেন, কিন্তু তাতে উপকার হচ্ছে না। ওই ট্র্যাজিক হিরো ম্যাচ হেরে ড্রেসিংরুমে ফিরছেন গোছের। এদিন গ্রিন আর পাওয়েল, দু’জনকেই কিছুটা স্মার্ট দেখাল। না হলে সিরাজ, রাবাডা, প্রসিধ কৃষ্ণ, রশিদ খানদের নিয়ে ভালই বোলিং লাইন আপ গুজরাট টাইটান্সের। কিন্তু দিনের শেষে ২৭ রানে থামলেন পাওয়েল।
টসে জিতে সত্যিটা বলে ফেলেছিলেন রাহানে। তিনি ব্যাটিং নিলেন। প্রেজেন্টার কার্তিক জানতে চাইলেন কেন? রাহানে জবাব দিলেন, আগে ব্যাট নিয়ে ব্যাটারদের চাপ কমাতে চাইলাম। এবার রান তাড়া করার ব্যাপার থাকবে না। ফলে চাপ সরিয়ে ব্যাট করা যাবে। আগে তো কয়েকবার রান তাড়া করে দেখলাম। রান তাড়া করার চাপ ছিল। কে জানে এটাই প্ল্যান বি।
সত্যিটা বললেন রাহানে। অবশেষে এই ম্যাচে খুব গুরুত্বপূর্ণ একটা পরিবর্তনের ঝুঁকিও নিলেন। অ্যালেনকে বসিয়ে আনা হল সাইফার্টকে। এটাও হয়তো প্ল্যান বি। অ্যালেন প্রথম দুই ম্যাচে তিরিশের আশপাশে ছিলেন। তারপর চূড়ান্ত ব্যর্থ। এই পরিবর্তন প্রত্যাশিত ছিল। কেকেআর অবশ্য একটিই পরিবর্তন করল। সেটা সাইফার্ট। পঞ্চম হারের পর মনে হচ্ছে যাহা অ্যালেন, তাহাই সাইফার্ট!

কলকাতা নাইট রাইডার্স ১৮০ (২০ ওভার)  গুজরাট টাইটান্স ১৮১/৫ (১৯.৪ ওভার)

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper