Khabor Ekhon
জয় হল গণতন্ত্রের: ভোটার তালিকা নিয়ে সুপ্রিম রায়ে উচ্ছ্বসিত মমতা
রাজ্য রাজনীতিতে দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটিয়ে বাতিল ভোটারদের নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে বড়সড় জয় পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাধিকার থেকে কাউকেই বঞ্চিত করা যাবে না। এমনকি ট্রাইব্যুনালের মাধ্যমে যদি ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগেও কেউ ভোটার হিসেবে স্বীকৃতি পান, তবে তিনিও এই নির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। উত্তরবঙ্গ সফরের মাঝেই এই খবর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী। স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, “আজ আমার চেয়ে বেশি খুশি আর কেউ নেই।”
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) পর্বে প্রায় ৬০ লক্ষাধিক নাম বিবেচনাধীন তালিকায় চলে গিয়েছিল। কলকাতা হাই কোর্ট নিযুক্ত আধিকারিকদের স্ক্রুটিনির পর যাঁদের নাম বাদ পড়েছিল, তাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের দ্বারস্থ হন। কিন্তু নিয়ম অনুযায়ী ভোটের কয়েক দিন আগে ভোটার তালিকা ‘ফ্রিজ’ বা স্থির করে দেওয়ার প্রথা থাকায়, ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র পেলেও ভোট দেওয়া যাবে কি না, তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছিল। এ দিন সুপ্রিম কোর্ট সেই আইনি জট কেটে দিয়ে জানিয়ে দিয়েছে, যোগ্য ভোটাররা ভোটের ঠিক দু’দিন আগে অতিরিক্ত তালিকায় নাম উঠলেও ভোট দিতে পারবেন।
কোচবিহারের হেলিপ্যাডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি প্রথম থেকেই রাজ্যবাসীকে ধৈর্য ধরতে বলেছিলাম। এই মামলার লড়াই আমিই শুরু করেছিলাম, তাই আজ সুপ্রিম কোর্টের রায়ে আমি বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞ ও গর্বিত।” মুখ্যমন্ত্রী আরও জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রথম দফার ভোটের অতিরিক্ত তালিকা ২১ এপ্রিল এবং দ্বিতীয় দফার তালিকা ২৯ এপ্রিল প্রকাশিত হবে।
আদালতের এই রায় আসার পরেই বসে থাকেননি তৃণমূল সুপ্রিমো। দলের নিচুতলার কর্মীদের জন্য জারি করেছেন বিশেষ নির্দেশিকা। তিনি নির্দেশ দিয়েছেন, ট্রাইব্যুনালের রায়ের পর যে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে, সেই নামগুলি ধরে দ্রুত ভোটার স্লিপ তৈরি করতে হবে। ভোটের আগের রাতেই কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সেই স্লিপ পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে, যাতে কোনোভাবেই ভোটাররা বুথে গিয়ে বাধার সম্মুখীন না হন। দীর্ঘ আইনি লড়াই শেষে এই রায়কে তৃণমূল শিবির তাদের নৈতিক জয় হিসেবেই দেখছে। রাজনৈতিক মহলের মতে, লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের এই কৃতিত্ব আসন্ন নির্বাচনে ঘাসফুল শিবিরের জন্য বাড়তি মাইলেজ তৈরি করবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

