AB Live News
ক্যান্ডিডেটসে ইতিহাস বৈশালীর
বিশ্ব দাবার আঙিনায় ফের উড়ল ভারতের বিজয়পতাকা। ক্যান্ডিডেটস দাবায় মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর বৈশালী। এই অভাবনীয় সাফল্যের ফলে চলতি বছরের শেষে বিশ্বচ্যাম্পিয়নশিপের খেতাবি লড়াইয়ে চিনের জু ওয়েনজুনের মুখোমুখি হওয়ার যোগ্যতা অর্জন করলেন তিনি। ২০২৪ সালে ডি গুকেশের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ক্যান্ডিডেটসে এই অনন্য কীর্তি স্থাপন করলেন বৈশালী।
টুর্নামেন্টের শেষ লগ্নে এসে নাটকীয় মোড় নেয় বৈশালীর জয়যাত্রা। নির্ধারিত রাউন্ড শেষে ৮.৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে শেষ করেন রমেশবাবু প্রজ্ঞানন্দের দিদি। তবে খেতাব জয়ের রাস্তাটা সহজ ছিল না। শেষ রাউন্ডে বৈশালীর সামনে জয়ের কোনো বিকল্প ছিল না। একইসঙ্গে তাকিয়ে থাকতে হয়েছিল কাজাখস্তানের তারকা দাবাড়ু বিবিসারা আসাউবায়েভার ফলের দিকে। স্নায়ুর চাপ সামলে বৈশালী নিজের ম্যাচে জয় ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাঁকে সাহায্য করেন আর এক ভারতীয় কন্যা দিব্যা দেশমুখ। দিব্যা তাঁর ম্যাচে বিবিসারাকে ড্র করতে বাধ্য করতেই বৈশালীর চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে যায়।
এর আগে দু-বছর আগে এই প্রতিযোগিতায় দুর্দান্ত লড়াই করেও ৭.৫ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে শেষ করতে হয়েছিল বৈশালীকে। এবার সেই আক্ষেপ মিটিয়ে নিজেকে আরও উচ্চতায় নিয়ে গেলেন চেন্নাইয়ের এই তরুণী। বৈশালীর এই জয়ে ভারতের দাবা মহলে আনন্দের জোয়ার। প্রজ্ঞানন্দ ও বৈশালী— একই পরিবার থেকে দুই ভাই-বোনের বিশ্বদাবার শিখরে ওঠার এই বিরল দৃষ্টান্ত ক্রীড়া বিশ্বে নতুন নজির সৃষ্টি করল। এখন সারা বিশ্বের নজর থাকবে বছরের শেষে বিশ্বসেরার মুকুটের লড়াইয়ে বৈশালীর চালের দিকে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

