Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মোদীর সভার আগে হলদিয়ায় বিজেপি কর্মী খুন, কাঠগড়ায় তৃণমূল

0 1,756,231,035

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা সভার ঠিক ২৪ ঘণ্টা আগে রক্তক্ষয়ী রাজনীতির সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুর। বুধবার হলদিয়া নদীর পাড় থেকে মহাদেব বিশ্বাস (৪৭) নামে এক সক্রিয় বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে শিল্পশহরে। প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে এই ঘটনাকে ‘পরিকল্পিত খুন’ বলে দাবি করে তৃণমূলের দিকে আঙুল তুলেছে গেরুয়া শিবির। যদিও শাসকদল সমস্ত অভিযোগ অস্বীকার করে একে নিছকই দুর্ঘটনা বা ব্যক্তিগত বিষয় বলে দাবি করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই নিখোঁজ ছিলেন ভবানীপুর থানার অন্তর্গত এলাকার বাসিন্দা মহাদেব। বুধবার সকালে হলদিয়া নদীর তীরে তাঁর স্ত্রী প্রথম রক্তাক্ত দেহটি পড়ে থাকতে দেখেন। খবর চাউর হতেই উত্তেজিত জনতা এলাকায় ভিড় জমান। বিজেপির অভিযোগ, মহাদেবের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছাড়াও গলায় প্যাঁচানো দাগ রয়েছে, যা শ্বাসরোধ করে খুনের ইঙ্গিত দিচ্ছে। মহিষাদল বিধানসভার বিজেপির আহ্বায়ক বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের দাবি, “মহাদেব গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রীর সভার জন্য পতাকা লাগানো ও প্রচারের কাজ করছিলেন। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে নৃশংসভাবে শেষ করে দিয়েছে। আমরা রাজ্য পুলিশের তদন্তে ভরসা রাখছি না, সরাসরি সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।”
আগামীকাল, ৯ এপ্রিল হলদিয়ার টাউনশিপ হেলিপ্যাড ময়দানে জনসভা করার কথা প্রধানমন্ত্রীর। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও থাকার কথা রয়েছে। হাইপ্রোফাইল এই সভার আগে দলীয় কর্মীর মৃত্যুতে স্বভাবতই চাপে প্রশাসন। ভবানীপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে।
অন্যদিকে, খুনের অভিযোগ উড়িয়ে দিয়ে স্থানীয় তৃণমূল নেত্রী সুমিত্রা ঘোড়ই পাল্টা দাবি করেছেন, “মৃত ব্যক্তি পেশায় মৎস্যজীবী ছিলেন। রাতে মাছ ধরতে গিয়েই হয়তো কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই।” তৃণমূলের দাবি, বিজেপি মৃতদেহ নিয়ে রাজনীতি করে প্রধানমন্ত্রীর সভার আগে মিথ্যে সহানুভূতি কুড়োতে চাইছে। তবে প্রধানমন্ত্রীর আগমনের আগের রাতে এই রহস্যমৃত্যু এবং রাজনৈতিক বাগবিতণ্ডা হলদিয়ার শান্ত পরিবেশকে যথেষ্ট তপ্ত করে তুলেছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper