Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

উন্নয়ন না কি জুয়া? ‘দিদির’ সাপ-লুডোয় জনতা এবার কোন ঘরে?

0 178,398,646

শিবনাথ দাস: বাংলার রাজনীতিতে ‘খেলা’ শব্দবন্ধটি এখন আর নিছক বিনোদন নয়, বরং শাসক দলের এক অপরিহার্য রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে মঞ্চ থেকে ফুটবল ছুড়ে দিয়ে যে ‘খেলা হবে’র উন্মাদনা শুরু হয়েছিল, ২০২৬-এর দোরগোড়ায় এসে তা এখন ঘরের কোণে বসে ‘ছক্কা’ চালার স্তরে পর্যবসিত। তৃণমূল কংগ্রেস এবার তাদের প্রচারের তুণীর থেকে বের করেছে এক নতুন অস্ত্র— ‘সাপ-লুডো’। কিন্তু এই রঙিন বোর্ড আর ঘুঁটির আড়ালে যে গভীর রাজনৈতিক দেউলিয়াপনা লুকিয়ে আছে, তা সচেতন নাগরিককে ভাবিয়ে তোলার জন্য যথেষ্ট।
তৃণমূলের এই বিচিত্র লুডো বোর্ডে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে ‘সিঁড়ি’ বা ‘মই’ হিসেবে দেখানো হয়েছে। মজার বিষয় হল, ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর ঘরে পা পড়লেই মই বেয়ে ১২ নম্বর থেকে সোজা ৯৬ নম্বরে পৌঁছে যাওয়া যাচ্ছে। অর্থাৎ, শাসক দল মানুষকে এই বার্তাই দিতে চাইছে যে— কোনও পরিশ্রম, কোনও মেধা বা কোনও কর্মসংস্থানের প্রয়োজন নেই; স্রেফ সরকারি খয়রাতির ঘুঁটি ঠিকমতো চালতে পারলেই জীবনের জয় সুনিশ্চিত!
বোর্ডের এই মইগুলো আসলে বাংলার করুণ বাস্তবকে আড়াল করার এক মরিয়া চেষ্টা। যেখানে রাজ্যে গত এক দশকে কোনও বড় শিল্প আসেনি, যেখানে কলকারখানার সাইরেনের বদলে শুধু সরকারি মেলার মাইক বাজে, সেখানে লুডো বোর্ডে মই দিয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখানোটা কি স্রেফ মানুষের দারিদ্র্য নিয়ে রসিকতা নয়? বাংলার যুবসমাজ যখন চাকরির মই খুঁজতে গিয়ে রাজপথের ধুলোয় বসে চোখের জল ফেলছে, তখন শাসক দল মফস্বলের দাওয়ায় বসে ‘ছক্কা’ চালার পাঠ দিচ্ছে।
তৃণমূলের এই রাজনৈতিক লুডোর সবচেয়ে কদর্য দিক হল এর ‘সাপ’গুলো। উন্নয়নের চূড়ান্ত ঘর ‘জয় বাংলা’ বা ১০০ নম্বরে পৌঁছানোর ঠিক আগেই রাখা হয়েছে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ। বিরোধী নেতাদের ‘সাপ’ হিসেবে চিহ্নিত করে যে নিম্নরুচির পরিচয় দেওয়া হয়েছে, তা বাংলার রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন।
বোর্ডের বিভিন্ন ঘরে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষদের ছবি দিয়ে বোঝানো হয়েছে সেখানে পা পড়লেই ‘কেন্দ্রীয় বঞ্চনা’র কবলে পড়ে নিচে নেমে যেতে হবে। অথচ, বাস্তব বোর্ডে তো ‘নিয়োগ দুর্নীতি’, ‘রেশন চুরি’ আর ‘কাটমানি’র সাপেরাই সাধারণ মানুষের ঘুঁটি গিলে খাচ্ছে। সেই বিষাক্ত সাপগুলোকে সুকৌশলে বোর্ডের বাইরে রেখে দায় ঝেড়ে ফেলার এই ছক অত্যন্ত চতুর, কিন্তু সস্তা।
তৃণমূলের প্রচার কৌশলের প্রধান লক্ষ্য হল গ্রামীণ এলাকার মহিলারা। যাঁরা দুপুরের অবসরে লুডো খেলে সময় কাটান। তাঁদের ঘরবন্দি রেখে, স্রেফ ‘উপভোক্তা’ হিসেবে চিহ্নিত করে রাখার এই কৌশল আসলে এক ধরনের রাজনৈতিক শৃঙ্খল। তৃণমূল সম্ভবত মনে করছে, মানুষের বিচারবুদ্ধি এখন এতটাই ভোঁতা যে একটি প্লাস্টিকের ছক্কা আর বোর্ডের ঘুঁটি দিয়েই তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করা সম্ভব।
লুডো খেলায় একবার সাপের মুখে পড়লে নিচে নামা যায়, কিন্তু রাজনীতির ময়দানে জনতা যখন কাউকে ‘সাপ’ ভেবে প্রত্যাখ্যান করে, তখন সেখান থেকে ওঠার জন্য আর কোনও মই খুঁজে পাওয়া যায় না। তৃণমূলের এই ‘সাপ-লুডো’র রাজনীতির জবাব বাংলার মানুষ আগামী নির্বাচনে ব্যালট বাক্সে দেবে কি না, সেটাই এখন দেখার। কারণ জনতা যখন চাল দেয়, তখন কোনও ছক্কাই আর কাজ করে না।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper