Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ভবানীপুরেই হোক রেকর্ড জয়, দিল্লির লক্ষ্যে কর্মীদের ‘রিপোর্ট কার্ড’ দিলেন অভিষেক

0 79,893,656

বিধানসভা নির্বাচনের চূড়ান্ত লগ্নে নিজেদের খাসতালুক ভবানীপুর থেকেই যুদ্ধের সুর বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ভবানীপুরের কর্মীসভায় তাঁর স্পষ্ট নির্দেশ, “কলকাতার মধ্যে প্রথম হতে হবে ভবানীপুরকে।” ৬০ হাজারেরও বেশি মার্জিনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে তিনি সাফ জানান, আত্মতুষ্টির কোনও জায়গা নেই, প্রতিটি বুথে লিড বাড়াতে হবে। একই মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দলীয় কর্মীদের সতর্ক করে বলেন, “শান্তিপূর্ণ ভোট চাই, কিন্তু ষড়যন্ত্র রুখতে সজাগ থাকতে হবে।”

মোদি বনাম মমতা: প্রকল্পের লড়াইয়ে জোর

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের হাতে ‘রিপোর্ট কার্ড’ তুলে দিয়ে বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দেন। কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পের তুলনামূলক পার্থক্য সাধারণ মানুষের কাছে তুলে ধরার ডাক দিয়ে তিনি বলেন,
        লক্ষ্মীর ভাণ্ডার বনাম বিজেপি:
বিজেপি শাসিত কোনও রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প নেই। তৃণমূল সরকার থাকা পর্যন্ত বাংলার মহিলারা এই সুবিধা পাবেনই।

স্বাস্থ্যসাথী বনাম আয়ুষ্মান ভারত:

অভিষেকের দাবি, আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে গেলে স্মার্টফোন-সহ হাজারো শর্তের বেড়াজাল রয়েছে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। অন্যদিকে স্বাস্থ্যসাথী সকলের জন্য অবারিত।

পরিষেবা বনাম লাইন:

“আমাদের সরকার পরিষেবা দিয়েছে, আর কেন্দ্রীয় সরকার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে,”— বিজেপিকে এভাবেই বিঁধেছেন তিনি।

সাপ্লিমেন্টারি লিস্ট ও ষড়যন্ত্রের আশঙ্কা

সোমবার প্রকাশিত হতে চলা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা নিয়েও কর্মীদের বিশেষ দায়িত্ব দিয়েছেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আগামীকাল এসআইআরের সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। তালিকায় নাম নিয়ে সাধারণ মানুষ সমস্যায় পড়লে তাঁদের পাশে দাঁড়াতে হবে।” পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি জানান, গত কয়েক দিনে তাঁদের ৫০ জন অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় নরেন্দ্র মোদি ও ‘ভ্যানিশ কুমার’দের নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
কর্মীদের প্রতি নেতৃত্বের ৫ কড়া নির্দেশ:
১. মার্জিন: ভবানীপুরে গতবারের ২৩১টি বুথের লিড ছাপিয়ে ৬০ হাজারের বেশি ব্যবধানে জিততে হবে।
২. যোগাযোগ: প্রয়োজনে এক-একজন ভোটারের বাড়িতে তিনবার করে যেতে হবে।
৩. সতর্কতা: স্ট্রংরুমে কড়া নজরদারি রাখতে হবে; লোডশেডিং বা কারচুপির আশঙ্কা রয়েছে।
৪. শান্তি: প্ররোচনা দিলেও মাথা ঠান্ডা রেখে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে হবে।
৫. টার্গেট: প্রতিটি বুথে অন্তত ৫টি করে নতুন ভোট বাড়াতে হবে।

বাংলায় জিতে লক্ষ্য দিল্লি

বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। বিজেপির ‘ক্যাশ’ বা অর্থের প্রলোভনে পা না দেওয়ার আর্জি জানান তিনি। নেত্রীর কথায়, “আমাদের লক্ষ্য স্থির। বাংলায় বড় জয় ছিনিয়ে নিয়ে আমাদের পরবর্তী পদক্ষেপ হবে দিল্লি সফর।”
এদিনের সভা শেষে রাজনৈতিক মহলের ধারণা, ভবানীপুরকে মডেল করেই রাজ্যজুড়ে জয়ের ধারা বজায় রাখতে চাইছে ঘাসফুল শিবির। বিশেষ করে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা নিয়ে যে জনরোষ তৈরি হয়েছে, তাকে হাতিয়ার করেই মানুষের আরও কাছে পৌঁছাতে চাইছে শাসক দল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper