Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

গ্যাসেও কোপ: ১৪ কেজির বদলে এবার মিলবে অর্ধেক ভর্তি সিলিন্ডার!

0 88,675,498

 ডাইনিং টেবিল থেকে রান্নাঘর— যুদ্ধের আঁচ এবার সরাসরি মধ্যবিত্তের হেঁশেলে। ইরান-আমেরিকা-ইজরায়েল সংঘর্ষের জেরে হরমুজ প্রণালি অবরুদ্ধ হয়ে পড়ায় দেশে রান্নার গ্যাসের (LPG) তীব্র সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবার ১৪.২ কেজি সিলিন্ডারের পরিবর্তে মাত্র ৭ বা ১০ কেজি গ্যাস ভর্তি সিলিন্ডার সরবরাহের কথা ভাবছে কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রক। আমদানিতে টান পড়ায় জোগান বজায় রাখতেই এই ‘রেশনিং’ ব্যবস্থার পথে হাঁটতে পারে কেন্দ্র।
হরমুজ কাঁটায় বিদ্ধ আমদানির পথ
ভারতের মোট এলপিজি চাহিদার প্রায় ৬০ শতাংশ নির্ভর করে হরমুজ প্রণালি হয়ে আসা আমদানির ওপর। যুদ্ধের কারণে গত তিন সপ্তাহ ধরে ওই পথে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত স্তব্ধ। ফলে দেশের মজুত ভাণ্ডারে টান পড়েছে। পেট্রল বা ডিজেলের বিকল্প উৎস থাকলেও রান্নার গ্যাসের ক্ষেত্রে ভারতের হাত-পা বাঁধা। এই সংকটজনক পরিস্থিতিতে ১০০ শতাংশ জোগান বজায় রাখা অসম্ভব বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
    নিয়ম একই, কমবে গ্যাসের পরিমাণ
সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার গ্যাসের বুকিং নিয়মে কোনো শিথিলতা আনছে না। অর্থাৎ, ১৪.২ কেজির সিলিন্ডারের জন্য শহরাঞ্চলে ২৫ দিন এবং গ্রামাঞ্চলে ৪৫ দিনের যে অন্তবর্তী সময়সীমা রয়েছে, তা একই থাকছে। কিন্তু সিলিন্ডারে গ্যাসের পরিমাণ কমিয়ে ৭ বা ১০ কেজি করে দেওয়া হবে। ১০ কেজির কম্পোজিট সিলিন্ডারে মিলবে মাত্র ৫ কেজি গ্যাস। এর অর্থ হলো, একই সময়ের ব্যবধানে গ্রাহককে অনেক কম গ্যাস ব্যবহার করতে বাধ্য করা হবে। ওজনের ভিত্তিতেই দাম নির্ধারিত হবে, তবে এর মধ্যেই গ্যাসের দাম এক দফা বাড়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না মন্ত্রক।
        ডিএসি বিভ্রাট ও গ্রাহক ভোগান্তি
গ্যাস বুকিং নিয়ে সাধারণ মানুষের হয়রানি চরমে পৌঁছেছে। বুকিং করার পর রেফারেন্স নম্বর মিললেও মিলছে না ‘ডেলিভারি অথেন্টিকেশন কোড’ বা ডিএসি (DAC)। ডিস্ট্রিবিউটরদের দাবি, এই কোড জেনারেট করার নিয়ন্ত্রণ সম্পূর্ণ তেল সংস্থাগুলির হাতে। ফলে টাকা দিয়েও সময়মতো সিলিন্ডার পাওয়া এখন লটারি পাওয়ার সামিল হয়ে দাঁড়িয়েছে।
         বাণিজ্যিক গ্যাসেও অনিশ্চয়তা
গৃহস্থের পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ শিল্পও চরম সংকটে। শনিবার মন্ত্রক বাণিজ্যিক সিলিন্ডারের সরবরাহ ২০ শতাংশ বাড়িয়ে মোট ৫০ শতাংশ করার ঘোষণা দিলেও, যুদ্ধের পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে যেকোনো সময় এই জোগান ফের ধাক্কা খেতে পারে।
আগামী সপ্তাহেই এই ‘হাফ-সিলিন্ডার’ নীতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। আপাতত গৃহস্থকে খরচ কমিয়ে চলাই একমাত্র বাঁচার পথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper