AB Live News
ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়

বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। তবে ভাঙড় আছে ভাঙড়েই! বুধবার রাতে বিস্ফোরণে কেঁপে উঠল চালতাবেড়িয়া এলাকা। আইএসএফ গোষ্ঠীর অভিযোগ, বোমা তৈরির সময় এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও আহত ও মৃতের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এলাকাবাসীর দাবি, বুধবার রাতে বামনিয়ার এক পরিত্যক্ত বাড়িতে আচমকাই বোমা বিস্ফোরণ ঘটে। কেঁপে ওঠে এলাকা। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আইএসএফের অভিযোগ, বিস্ফোরণের পর এক তাদের এক কর্মীকেও বেধড়ক মারধর করা হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এই বিস্ফোরণের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে এলাকার তৃণমূল নেতা অহিদুল মোল্লার বিরুদ্ধে। এই অহিদুল আবার শওকত ঘনিষ্ঠ বলেও দাবি করেছে আইএসএফ।
নওশাদের দলের অভিযোগ, ভাঙড়ের ওই বাড়িতে রাতের অন্ধকারে বোমা তৈরি করা হচ্ছিল। সেখানে মজুত করা ছিল বোমা তৈরির মশলাও। কোনওভাবে তা থেকে বিস্ফোরণ ঘেট। এই ঘটনায় আইএসএফের দাবি, মৃত ও আহত সকলেই তৃণমূলের কর্মী-সমর্থক। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, অশান্তির কারণে বারবার শিরোনামে উঠে এসেছে ভাঙড়। রাজনৈতিক কোন্দলকে কেন্দ্র করে মাঝে মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সেখানে প্রাণহানির ঘটনাও একবারে নতুন নয়। সম্প্রতি, ভোটের মুখে এলাকার হেভিওয়েট নেতা আরাবুল ইসলাম তৃণমূল ছেড়ে দেওয়ায় সরগরম রাজনীতির ময়দান। আগামীতে ভাঙড়ের রাজনীতির জল কোনদিকে গড়াবে সেই নিয়ে যখন বেজায় জল্পনা-কল্পনা চলছে, সেই আবহে এই বিস্ফোরণের ঘটনা আরও একবার উসকে দিল সেই প্রশ্নকে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

