Khabor Ekhon
বারুইপুরে জামাই-তাণ্ডব, ক্ষুরের কোপে রক্তাক্ত শ্বশুরবাড়ি

পারিবারিক বিবাদ মেটানোর বদলে ‘বদলা’ নিতে মাঝরাতে সশস্ত্র বাহিনী নিয়ে শ্বশুরবাড়িতে চড়াও হলেন জামাই। বুধবার রাতে বারুইপুর মহকুমা সংলগ্ন হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সালেপুর গ্রামে এই নজিরবিহীন হামলায় রক্তাক্ত হলেন মামা ও ভাগ্নে। ধারালো ক্ষুরের কোপে গুরুতর জখম অবস্থায় বর্তমানে তাঁরা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ঘটনায় অভিযুক্ত জামাই রফিক খান ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মল্লিকপুরের বাসিন্দা রফিক খানের সঙ্গে তাঁর স্ত্রীর দাম্পত্য কলহ দীর্ঘদিনের। পণের দাবি বা অন্য কোনও কারণে নির্যাতন সহ্য করতে না পেরে সম্প্রতি সন্তানকে নিয়ে বাপের বাড়িতে আশ্রয় নেন ওই গৃহবধূ। কিন্তু স্ত্রী নিজের কর্তৃত্বে চলে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন রফিক। বুধবার রাত ১০টা নাগাদ অতর্কিতে দলবল নিয়ে পশ্চিম সালেপুরে শ্বশুরবাড়ির দরজায় লাথি মারতে শুরু করে অভিযুক্ত জামাই।
গৃহবধূর ভাই শফিক সর্দার বাধা দিতে গেলে রফিক ও তার সঙ্গীরা লোহার রড দিয়ে তাঁকে বেধড়ক মারধর শুরু করে। সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন শফিকের মামা, পেশায় ব্যবসায়ী আমির সোহেল শেখ। ভাগ্নেকে বাঁচাতে গেলে হামলাকারীরা পকেট থেকে ক্ষুর বের করে আমিরের মাথায় ও শরীরে এলোপাথাড়ি কোপ বসাতে থাকে। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসার আগেই অন্ধকারে গা ঢাকা দেয় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বারুইপুর থানায় রফিক খান ও তার পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি একটি পরিকল্পিত হামলা।
“পারিবারিক বিবাদ থেকে এই নৃশংস আক্রমণ চালানো হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক থাকলেও তাদের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করা হচ্ছে। খুব দ্রুত তাদের গ্রেফতার করা হবে।”
পশ্চিম সালেপুর গ্রামে এখন আতঙ্কের ছায়া। শ্বশুরবাড়ির উঠোনে জমাট বাঁধা রক্তের দাগ মনে করিয়ে দিচ্ছে বুধবার রাতের সেই হাড়হিম করা কয়েক মিনিটের স্মৃতি।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

