Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

টিকিট জল্পনার মাঝেই লাভলির শক্তি প্রদর্শন, সোনারপুরে মেগা মিছিলে ‘ট্রেলার’ দেখাল ঘাসফুল

0 19,082,256

 


দেবাশীষ দাস সোনারপুর: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার ঠিক আগেই নিজের গড় সোনারপুর দক্ষিণে বিশাল বাইক মিছিল করে কার্যত শক্তি প্রদর্শন করলেন বিধায়ক লাভলি মৈত্র। একুশের নির্বাচনে জয়ী তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক এবার টিকিট পাবেন না বা তাঁদের কেন্দ্র বদল হতে পারে— রাজনৈতিক মহলের এমন তীব্র গুঞ্জনের মধ্যে লাভলির নামটিও ঘোরাফেরা করছিল। দলেরই একটি অংশের একাংশ তাঁর বিরোধিতা করছে বলেও খবর ছিল। এই সমস্ত জল্পনা ও জল্পনা উড়িয়ে রবিবার লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকা থেকে কয়েক হাজার কর্মীব সমর্থককে সঙ্গে নিয়ে বাইক মিছিলে শামিল হন অভিনেত্রী-বিধায়ক। মিছিলটি গোবিন্দপুর থেকে শুরু হয়ে হরিনাভী, রাজপুর, সোনারপুর মোড়, ঘাসিয়াড়া ও তেমাথা হয়ে মকরামপুর পর্যন্ত এক বিশাল এলাকা পরিক্রমা করে। মিছিলে দলীয় কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি যেন বুঝিয়ে দিল, লাভলি মৈত্র এখনও তাঁর কেন্দ্রে কতটা প্রাসঙ্গিক। সংবাদমাধ্যমের পক্ষ থেকে টিকিট না পাওয়ার জল্পনা নিয়ে প্রশ্ন করা হলে অত্যন্ত সংযত ও আত্মবিশ্বাসী মেজাজে লাভলি বলেন, “প্রার্থী কে হবেন বা কোথায় হবেন, তা সম্পূর্ণ দলের সিদ্ধান্ত। এ বিষয়ে আমরা কেউ কথা বলি না। আমার যা কাজ, আমি তা করছি এবং করে যাব।”
এদিন বাইক মিছিলে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে ধরা দেন বিধায়ক। তিনি সাফ জানান যে, আজকের এই র‍্যালি আসলে বিজেপিকে দেখানো একটি ‘ট্রেলার’, আসল সিনেমা এখনও বাকি আছে। কেন্দ্রীয় সংস্থার (SIR) অপব্যবহার এবং ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে তিনি দাবি করেন, এর বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং ভোটের মাধ্যমে বিজেপিকে যোগ্য জবাব দেবে। লাভলির কথায়, “আমরা অপেক্ষা করছি ভোট ঘোষণার জন্য। সোনারপুর দক্ষিণে আমাদের জয় এখন কেবল সময়ের অপেক্ষা। এটি গণতন্ত্র বাঁচানোর লড়াই।” অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে লাভলির এই মিছিলকে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। তাদের দাবি, টিকিট পাওয়া নিয়ে তৃণমূলের অন্দরে যে অস্থিরতা তৈরি হয়েছে, এই মিছিল আসলে তারই ফসল। আসন্ন নির্বাচনে বাংলায় পদ্ম শিবিরের জয়জয়কার হবে বলেও পালটা হুঙ্কার দিয়েছে বিজেপি। সব মিলিয়ে, টিকিট প্রাপ্তি নিয়ে জল্পনা চললেও, মাঠ ছাড়তে যে তিনি নারাজ, এদিন রাজপথে নেমে সেই বার্তাই দিলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper