AB Live News
৫৪ লক্ষ বেকার পাবেন ভাতা

রবিবার বিকেল ৪টায় বিজ্ঞান ভবনে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। ঠিক তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ‘যুবসাথী’ প্রকল্পের আওতায় রাজ্যের ৫৪ লক্ষ শিক্ষিত বেকার যুবক-যুবতীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে পাঠিয়ে দিতে চলেছে। নবান্ন সূত্র জানিয়েছে, আজ বিকেলের মধ্যেই এই টাকা পৌঁছে যাবে। অর্থাৎ, ভাতার টাকা পকেটে নিয়েই এবার ভোট দিতে যাবেন রাজ্যের প্রায় ৮ শতাংশ ভোটার।
অনলাইন ও অফলাইন মিলিয়ে ‘যুবসাথী’ প্রকল্পে মোট ৭৪ লক্ষ আবেদন জমা পড়েছিল। নবান্নের আধিকারিকরা সেই আবেদনপত্র যাচাই করে দেখেন, অনেক আবেদনকারী ইতিমধ্যেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন। দুটি প্রকল্পের সুবিধা একসঙ্গে দেওয়া সম্ভব নয় বলে সেইসব আবেদন বাতিল করা হয়। ছাঁটাইয়ের পর বাকি থাকে ৫৪ লক্ষ যোগ্য যুবক-যুবতী।
রাজ্য বাজেটে ঘোষণা ছিল, ১ এপ্রিল থেকে এই বেকার ভাতা দেওয়া শুরু হবে। পরে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অগস্ট থেকে টাকা মিলবে। কিন্তু নির্বাচন কমিশনের ঘোষণার দিন যত এগিয়ে আসছে, ততই সিদ্ধান্ত বদল করেন মমতা। তিনি স্পষ্ট নির্দেশ দেন— এপ্রিলের জন্য অপেক্ষা করার দরকার নেই, টাকা এখনই ছাড়তে হবে। সেইমতো গত ৭ মার্চ থেকে ধাপে ধাপে টাকা পাঠানো শুরু হয়েছে। ইতিমধ্যে ৫২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে। আজ রবিবার বিকেলের মধ্যে বাকি ২ লক্ষ মানুষের অ্যাকাউন্টেও ১৫০০ টাকা ঢুকে যাবে।
একুশের বিধানসভা ভোটের আগে মমতা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে জিতেছিলেন এবং জেতার পর তা কার্যকর করেছিলেন। এবার কৌশল একটু আলাদা। প্রতিশ্রুতি দিয়ে ভোটের অপেক্ষায় না থেকে, ভোট ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগেই টাকা পৌঁছে দিতে চাইছেন উপভোক্তাদের কাছে। গত লোকসভা ভোটের সময়ও ঠিক এভাবেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর বর্ধিত ভাতা ভোট চলাকালীন অ্যাকাউন্টে ঢুকেছিল।
এখন সবার প্রশ্ন— দিদির এই এক চালেই কি বিজেপির সব অঙ্ক গুলিয়ে যাবে? এবারের ভোটে তৃণমূলের বিরোধিতায় বিজেপি মাঠে-ময়দানে অনেক বেশি সক্রিয়। মোদী-অমিত শাহ নিজেরা প্রচারে নেমে পড়েছেন। বেকার ভাতার এই গুঁতোয় অঙ্ক ঘাঁটা শুরু করলে বাম, কংগ্রেস এবং নওশাদ-হুমায়ুনের মতো ছোট দলগুলিরও বিপদ অনিবার্য বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

