Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

শহর ও মহিলাতেই লক্ষ্য পদ্মের

0 17,569,918

       ছবি (প্রতিনিধিত্বমূলক)

লোকসভা নির্বাচনে আসন সংখ্যা কমলেও পশ্চিমবঙ্গে বিজেপির ভোটব্যাঙ্কে বড়সড় ধস নামেনি—পরিসংখ্যান বিশ্লেষণ করে এমনই স্বস্তির নিঃশ্বাস ফেলছে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। ২০১৯ সাল থেকে রাজ্যে বিজেপির গড় ভোটপ্রাপ্তি ৩৮ থেকে ৪০ শতাংশের আশেপাশে ঘোরাফেরা করছে। এই ভিতকে মূলধন করেই এবার আগামী বিধানসভা নির্বাচনের আগে বাংলার ‘শহুরে শিক্ষিত’ এবং ‘মহিলা’ ভোটারদের মন জয়ে বিশেষ পরিকল্পনা নিচ্ছে বিজেপি।
বিজেপির অভ্যন্তরীণ রিপোর্টে দাবি করা হয়েছে, প্রতিকূলতা সত্ত্বেও রাজ্যের গ্রামীণ এলাকায় দলের সমর্থন ভিত্তি এখনও অটুট রয়েছে। তবে দলের নজর কেড়েছে শহরের ভোটারদের মানসিকতার পরিবর্তন। দিল্লিতে দলের এক শীর্ষ নেতার কথায়, “বিজেপির গ্রামীণ ভোটব্যাঙ্ক অটুট তো বটেই, উপরন্তু শিক্ষিত শহুরে ভোটারেরা এখন অনেক বেশি মাত্রায় বিজেপির সমর্থনে মুখ খুলতে শুরু করেছেন। আগে যা মূলত ‘সাইলেন্ট ভোটার’ হিসেবে পরিচিত ছিল, এখন তা প্রকাশ্য সমর্থনে রূপান্তরিত হচ্ছে।” কলকাতার মতো মহানগরী এবং জেলা শহরগুলোতে পেশাজীবী ও শিক্ষিত যুবকদের মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা বাড়ছে বলে মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব।
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাফল্যের অন্যতম বড় স্তম্ভ হল মহিলা ভোটারদের সমর্থন, যার নেপথ্যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মতো প্রকল্পের বড় ভূমিকা রয়েছে। বিজেপি মনে করছে, কেবল গ্রামীণ মহিলারা নন, শহুরে মহিলাদের মধ্যেও মোদী সরকারের প্রকল্পগুলি নিয়ে প্রচার বাড়াতে হবে। বিশেষ করে উজ্জ্বলা যোজনা, আবাস যোজনার পাশাপাশি নারী সুরক্ষা এবং কর্মসংস্থানের ইস্যুকে সামনে রেখে মহিলাদের কাছে পৌঁছাতে চাইছে রাজ্য বিজেপি।
২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যে ১৮টি আসন জিতেছিল। ২০২৪-এ সেই সংখ্যা কমলেও তাদের প্রাপ্ত ভোটের শতাংশ খুব একটা কমেনি। রাজনৈতিক মহলের মতে, এই ৩৮-৪০ শতাংশ ভোটই বিজেপির আসল শক্তি। আসন কমলেও জনসমর্থন না কমা এটাই প্রমাণ করে যে, রাজ্যে শাসক বিরোধী একটি স্থায়ী ভোটব্যাঙ্ক পদ্ম শিবিরের দিকেই ঝুঁকে আছে। এখন সেই সমর্থনকে কীভাবে ৫০ শতাংশের কাছাকাছি নিয়ে যাওয়া যায়, সেটাই বড় চ্যালেঞ্জ সুকান্ত মজুমদার-শুভেন্দু অধিকারীদের সামনে।
বিজেপি সূত্রে খবর, আগামী কয়েক মাস শহরকেন্দ্রিক পথসভা এবং জনসংযোগ কর্মসূচিতে জোর দেওয়া হবে। শিক্ষিত সমাজকে আকৃষ্ট করতে কেন্দ্রীয় বাজেট এবং শিল্পায়নের সুফলগুলি বাংলায় তুলে ধরা হবে। একই সঙ্গে মহিলাদের আত্মনির্ভর করে তোলার বার্তা দিয়ে তৃণমূলের ‘ভাতা’ রাজনীতির মোকাবিলা করতে চাইছে গেরুয়া ব্রিগেড।
বিশেষজ্ঞদের মতে, রাজ্যের বর্তমান রাজনৈতিক আবহে শহুরে বাঙালির ভোট কোন দিকে যায়, তার ওপরই নির্ভর করবে আগামীর সরকার। সেই পথেই এবার পা বাড়াল বিজেপি।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper