Khabor Ekhon
বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত শান্তিপুরের চা–রুটির দোকান!

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল নদিয়ার শান্তিপুরে! যার জেরে পুড়ে ছাই চা–রুটির দোকান! রবিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে শান্তিপুরের মোড় সংলগ্ন অদ্বৈত সড়ক এলাকায়। স্থানীয়দের তৎপরতায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং স্থানীয় পুলিশ। এলাকাবাসী এবং দমকল কর্মীদের যৌথ প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, সিলিন্ডার বিস্ফোরণে এই আগুনের সূত্রপাত।
জানা গিয়েছে, নিত্যদিনের মতো রবিবারেও অনেক রাত পর্যন্ত খোলা ছিল চা–রুটির দোকানটি। সকল খদ্দেররা চলে যাওয়ার পর দোকানি দোকান বন্ধ করে চলে গিয়েছিলেন। এর ঘণ্টা দুয়েক পরেই প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রথমে স্থানীয় বাসিন্দারা ভয়ের কারণে বাড়ি থেকে বের হননি। তবে পরবর্তী সময়ে বেরোলেও ততক্ষণে আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে গোটা দোকান। একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে দোকানের ভিতর থেকে। যার জেরে রীতিমতো আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, দোকান বন্ধ হওয়ার পরও উনুনে জ্বলন্ত কয়লা বা আগুনের ফুলকি অবশিষ্ট ছিল। সেখান থেকেই গভীর রাতে আগুনের সূত্রপাত। ওই আগুনের ফলেই দোকানের মধ্যে থাকা একটি ছোট গ্যাস সিলিন্ডার বিকট শব্দে ফেটে যায়। মুহূর্তেই আগুন বিধ্বংসী রূপ নেয়। ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানটি। তবে পুলিশ এবং দমকল বাহিনী অগ্নিকাণ্ডের নেপথ্যের কারণ খতিয়ে দেখছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

