AB Live News
আজ ‘অগ্নিপরীক্ষা’র ফল প্রকাশিত হচ্ছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা
রাজ্যজুড়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। নভেম্বর মাস থেকে শুরু হওয়া ‘এসআইআর’ নামক মহাযজ্ঞ বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতে চলেছে আগামীকাল, শনিবার। তবে আদালতের আইনি গেরোয় এই তালিকা এখনই ‘পূর্ণাঙ্গ’ রূপ পাচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ৬০ লক্ষ ভোটারের ভাগ্য বর্তমানে বিচারবিভাগের হাতে থাকায়, একটি বিশেষ অসম্পূর্ণ তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন।
তালিকায় নতুন সংযোজন:
‘অ্যাডজুডিকেশন’
নির্বাচন কমিশন সূত্রে খবর, এবারের ভোটার তালিকায় একটি বিশেষ পরিবর্তন দেখা যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশে যে ৬০ লক্ষ ভোটারের নথিপত্র বর্তমানে জুডিশিয়াল অফিসাররা যাচাই করছেন, তাঁদের নাম এখনই বাদ দেওয়া হচ্ছে না। তালিকায় তাঁদের নামের পাশে ইংরেজি হরফে ‘Adjudication’ (বিচারাধীন) শব্দটি লেখা থাকবে। অন্যদিকে, যাঁদের আবেদন যথাযথভাবে গৃহীত হয়েছে তাঁদের নাম স্বাভাবিক নিয়মেই থাকছে এবং যাঁদের নাম বাতিল হয়েছে তাঁদের পাশে লেখা থাকবে ‘Delete’।
৫ লক্ষ নাম বাদ, চূড়ান্ত ভোটারের সংখ্যা
সংশোধন প্রক্রিয়ার শুরুতে খসড়া তালিকায় নাম ছিল প্রায় ৭ কোটি ৬৬ লক্ষের। সেখান থেকে নানা কারণে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে। ফলে বর্তমান চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ৭ কোটি ৮ লক্ষ। তবে কমিশন একরকম নিশ্চিত যে, শুনানিতে অংশ না নেওয়া প্রায় ৫ লক্ষ নাম এই তালিকা থেকে চিরতরে মুছে যাচ্ছে। নতুন আবেদনকারীদের জন্য একটি পৃথক সম্পূরক তালিকা মূল তালিকার সঙ্গে যুক্ত করা হবে।
রাতভর মুদ্রণ, দুপুরে অনলাইনে প্রকাশ
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, শুক্রবার সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় তালিকা মুদ্রণের কাজ শুরু হয়েছে। সারা রাত ধরে প্রেসের কাজ চলার পর শনিবার দুপুরের মধ্যে তা অনলাইনে আপলোড করে দেওয়া হবে।
কোথায় দেখা যাবে এই তালিকা?নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO West Bengal) ওয়েবসাইট।
ইসিআই নেট (ECI Net) অ্যাপ।
অফলাইনেও মিলবে তথ্য
শনিবার বিকেলের মধ্যেই সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের হাতে তালিকার কপি পৌঁছে দেবে কমিশন। এছাড়া সাধারণ মানুষ অফলাইনে তালিকা দেখতে পারবেন জেলাশাসক (ডিও), মহকুমা শাসক (এসডিও) এবং বিডিও অফিসগুলিতে। কলকাতার জেসপ বিল্ডিং ও সার্ভে বিল্ডিংয়েও নথিপত্র রাখা থাকবে।
নির্বাচনী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত আদালত যে সব মামলার নিষ্পত্তি করবে, তাঁদের নাম পরবর্তীকালে অতিরিক্ত তালিকায় যুক্ত করা হবে। তবে সেই অতিরিক্ত তালিকা কবে বেরোবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রেখেছে কমিশন।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

