Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর

পরীক্ষায় অসুস্থ, ছাত্রের মৃত্যু

0 52,175

 

দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম এলাকায় পরীক্ষার মাঝেই অসুস্থ হয়ে মৃত্যু হল অষ্টম শ্রেণির এক ছাত্রের। মৃতের নাম পৃথ্বীরাজ হালদার (১৪)। বুধবার সকালে স্কুলে পরীক্ষা চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়ে সে। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এ দিনও সকাল ৮টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল পৃথ্বীরাজ। তার অষ্টম শ্রেণির পরীক্ষা ছিল। পরিবারের দাবি, সকাল ৮টা ৪৮ মিনিট নাগাদ স্কুল থেকে একটি ফোন আসে। জানানো হয়, পৃথ্বীরাজ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। খবর পেয়ে তড়িঘড়ি স্কুলে পৌঁছন পরিবারের সদস্যেরা। এর মধ্যেই স্কুল কর্তৃপক্ষের তরফে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে পৌঁছে পরিবারের সদস্যরা জানতে পারেন, তাঁদের ছেলে আর বেঁচে নেই। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল ছাত্রটি, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে অনুমান।

মৃতের বাবা রাজকুমার হালদার পেশায় ব্যবসায়ী। তিন সন্তানের মধ্যে পৃথ্বীরাজ ছিল সবচেয়ে ছোট। ছেলের আকস্মিক মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছে গোটা পরিবার। বাবার কথায়, “সকালবেলা একেবারে সুস্থভাবেই বাড়ি থেকে বেরিয়েছিল ও। হঠাৎ কী হল কিছুই বুঝতে পারছি না। স্কুল থেকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুল্যান্স ডাকা হয়নি কেন, সেটাও জানি না।”

এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। অসুস্থ ছাত্রকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথাযথ চিকিৎসা-ব্যবস্থা ও জরুরি পরিষেবা নেওয়া হয়েছিল কি না, তা নিয়েও অভিভাবকদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। যদিও এই বিষয়ে স্কুলের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। সহপাঠী ও শিক্ষকেরাও গভীরভাবে মর্মাহত। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper