Khabor Ekhon
ধাক্কার মুখে বিসিসিআই
মুম্বই: আইপিএল থেকে বাদ পড়া মুস্তাফিজুর রহমানের জন্য বড়োসড়ো ক্ষতির মুখে পড়তে চলেছে ভারতীয় ক্রিকেট। বাংলাদেশ ও পাক ক্রিকেট বোর্ড যেভাবে এক সারিতে এসে ভারতীয় বোর্ডের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করে দিয়েছে, সেটার সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে ভারতীয় ক্রিকেটে। এমনকী, ওই বিবাদের জেরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আস্ত একটা বিশ্বকাপও সরে যেতে পারে ভারত থেকে। এমনটাই দাবি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের।
এখন যা পরিস্থিতি তাতে পাকিস্তান অদূর ভবিষ্যতে ভারতে কোনও টুর্নামেন্ট খেলতে আসবে না। আবার এবারের বিশ্বকাপের পর বাংলাদেশও আদৌ ভারতে খেলতে আসবে কিনা নিশ্চিত নয়। এদিকে ২০২৯ সালে ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। ২০৩১ সালে ফের ওয়ানডে বিশ্বকাপও হওয়ার কথা ভারত ও বাংলাদেশে। সমস্যা হল ২০২৯ সালের আগে ভারতের সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক শোধরাবে কিনা তা নিয়ে নিশ্চিত নয় আইসিসি। যদি পাকিস্তান ও বাংলাদেশ যৌথভাবে ভারতে এসে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি না হয়, তাহলে হয় ওই টুর্নামেন্ট করতে হবে হাইব্রিড মডেলে, বা গোটা টুর্নামেন্টটাই সরিয়ে নিয়ে যেতে হবে। আবার ২০৩১ বিশ্বকাপ যৌথভাবে ভারত ও বাংলাদেশের আয়োজন করার কথা। ততদিনে দুই বোর্ডের সম্পর্ক মসৃণ না হলে সেই টুর্নামেন্ট আয়োজনেও অসুবিধার সম্মুখীন হতে হবে পদে পদে।
অস্ট্রেলিয়ার প্রথম সারির সংবাদমাধ্যমের দাবি সবদিক ভেবে আইসিসি ওই দুই মেগা টুর্নামেন্ট ভারত থেকে সরানো নিয়ে ভাবনা চিন্তা করছে। সেক্ষেত্রে ওই দুই মেগা টুর্নামেন্টই সরে যেতে পারে অস্ট্রেলিয়ায়। অবশ্য এখনও কথাবার্তা বেশিদূর এগোয়নি। সবটাই ভাবনার স্তরে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

