Khabor Ekhon
যোগীরাজ্যে অপরাধী ধরতে গিয়ে হেনস্থার শিকার বাংলার পুলিশ অভিযোগ, উত্তরপ্রদেশ পুলিশের মদতেই পালাল অভিযুক্ত

‘যোগীরাজ্য’ যে অপরাধ ও অপরাধীদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, তা ফের একবার স্পষ্ট হয়ে উঠল। অপরাধী ধরতে গিয়ে এবার উত্তরপ্রদেশ পুলিশের হাতে চরম হেনস্থার শিকার হল পশ্চিমবঙ্গ পুলিশের একটি প্রতিনিধি দল। শুধু তাই নয়, গুরুতর অভিযোগ—উত্তরপ্রদেশ পুলিশ বেআইনিভাবে বাংলার পুলিশকে আটকে রেখে অভিযুক্তকে পালাতে সাহায্য করেছে।
সোমবার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় এক সাংবাদিক বৈঠকে এই বিস্ফোরক অভিযোগ করেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমলেন্দু বিশ্বাস। তিনি জানান, সাংসদ মহুয়া মৈত্র ও রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোরকে ঘিরে একটি ভুয়ো ট্যুইট (X) ছড়ানো হয়। সেই ট্যুইটকে কেন্দ্র করেই গত ৭ ফেব্রুয়ারি কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন সাংসদ মহুয়া মৈত্র। অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে উত্তরপ্রদেশের নয়ডা নিবাসী সুরজিৎ দাশগুপ্তের।
অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করে। ডিজিটাল ফরেনসিক পরীক্ষায় স্পষ্টভাবে উঠে আসে—সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ট্যুইটটি সম্পূর্ণ জাল এবং উদ্দেশ্যপ্রণোদিত। এর পর আইনি প্রক্রিয়া মেনে মামলা রুজু করে পুলিশ। ৯ ফেব্রুয়ারি অভিযুক্ত সুরজিৎ দাশগুপ্তকে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি থানায় আসেননি, এমনকি কোনও যোগাযোগও রাখেননি।
পরবর্তীতে আদালতের অনুমতি নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সেই ওয়ারেন্ট কার্যকর করতে চার সদস্যের একটি পুলিশ দল উত্তরপ্রদেশের নয়ডায় যায়। অভিযোগ, নয়ডার ফেজ-টু এলাকার চৌকি নম্বর ১১০ পুলিশ স্টেশনের পুলিশ ওই অভিযানে কার্যত বাধা সৃষ্টি করে। বাংলার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে গেলে তাদের বেআইনিভাবে থানায় আটকে রাখা হয়।
সবচেয়ে বিস্ময়কর ও উদ্বেগজনক অভিযোগ, ওই সময়েই পরোক্ষভাবে অভিযুক্ত সুরজিৎ দাশগুপ্তকে পালিয়ে যেতে সাহায্য করা হয়। কৃষ্ণনগর কোতোয়ালি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, দায়িত্বপ্রাপ্ত এক উত্তরপ্রদেশ পুলিশ আধিকারিক স্পষ্ট ভাষায় বলেন—“অভিযুক্ত বিজেপির উচ্চ নেতৃত্বের সঙ্গে যুক্ত। তাকে ধরতে সহযোগিতা করা উত্তরপ্রদেশ পুলিশের পক্ষে সম্ভব নয়।”
এই মন্তব্য এবং আচরণ গোটা ঘটনাকে আরও গুরুতর করে তুলেছে। একটি রাজ্যের পুলিশ অন্য রাজ্যের পুলিশের বৈধ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কীভাবে বাধা দিতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নিন্দার ঝড় উঠেছে।
কৃষ্ণনগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানান, বিষয়টি রাজ্যের উচ্চপদস্থ পুলিশ কর্তাদের জানানো হয়েছে এবং এই ঘটনার বিরুদ্ধে কড়া আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। একই সঙ্গে আন্তঃরাজ্য পুলিশি সমন্বয়ের নামে যে রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতিত্ব কাজ করছে, তা নিয়েও বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।
এই ঘটনা ফের একবার দেখিয়ে দিল—আইনের ঊর্ধ্বে কেউ নয় বলা হলেও বাস্তবে রাজনৈতিক পরিচয় থাকলে কীভাবে অপরাধীদের রক্ষা করা হয়, তার জ্বলন্ত উদাহরণ হয়ে থাকল নয়ডার এই ঘটনা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

