Khabor Ekhon
মাধ্যমিক দিয়ে শ্মশানঘাটে পৌঁছে মায়ের মুখাগ্নি করল ছাত্রী

মায়ের নিথর দেহে প্রণাম করে চোখের জল মুছে সোমবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা দিল মেয়ে। তিন ঘণ্টা পর পরীক্ষা দিয়ে সোজা শ্মশানে গিয়ে তাকেই করতে হল মায়ের মুখাগ্নি। ইটাহারের দানগাছি গ্রামের এই মর্মান্তিক ঘটনার পাত্রী দুর্গাপুর ভুপালচন্দ্র বিদ্যাপীঠের মাধ্যমিক পরীক্ষার্থী নন্দিনী বর্মন। অসুস্থ মায়ের দেখাশোনা করার পাশাপাশি চারদিন ধরেই রায়গঞ্জের মাড়াইকুড়া ইন্দ্রমোহন উচ্চ বিদ্যাপীঠের পরীক্ষাকেন্দ্রে সে পরীক্ষা দিচ্ছিল। কিন্তু সোমবার অঙ্ক পরীক্ষার কয়েক ঘণ্টা আগেই ঘটে যায় মায়ের মৃত্যু। সোমবার ভোরেই রায়গঞ্জের এক নার্সিংহোমে মাত্র ৩৯ বছর বয়সেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন নন্দিনীর মা রেখা বর্মন। ঠিক তখনই সে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য প্রস্তুত হচ্ছিল। সেইসময় আসে মায়ের মর্মান্তিক পরিণতির খবর। শোকাহত নন্দিনী নার্সিংহোমে পৌঁছে সদ্যপ্রয়াত মায়ের পা ছুঁয়ে প্রণাম করে কাঁদতে কাঁদতে জ্যাঠা পার্থ বর্মনের সঙ্গে পরীক্ষাকেন্দ্রে পৌঁছয় সে। সেখানে বাকিদের সঙ্গে নির্দিষ্ট ঘরেই পরীক্ষা দেয়। কিন্তু মাঝে মাঝেই মায়ের কথা মনে পড়ায় লেখা থামিয়ে কান্নায় ভেঙে পড়ছিল নন্দিনী। পরীক্ষকদের সহযোগিতায় ফের উত্তর লিখতে শুরু করে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ মণ্ডল বলেন, পরীক্ষা চলাকালীন মাঝে মাঝেই কান্নাকাটি করছিল। তবে পুরো সময় পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে ব্যাগ ফেলে মায়ের দেহ আঁকড়ে হাউ হাউ করে কাঁদতে শুরু করে একমাত্র কন্যা। বাবা শ্যামল বর্মনতাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। শেষকৃত্যের জন্য দুর্গাপুর শ্মশানের পথে দেব নিয়ে স্থানীয়দের সঙ্গে রওনা দেয় নন্দিনীও। বাবা জানান, মৃত্যুর আগে স্ত্রী মেয়েকে বলে যায় মুখাগ্নি করার কথা। আমাদের কোনও ছেলেও নেই৷ মেয়েই মায়ের মুখাগ্নি করে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

