Khabor Ekhon
মাথাভাঙায় ধুন্ধুমার, প্রার্থীর গাড়ি ভাঙচুর
বিধানসভা নির্বাচনের আগে ফের রাজনৈতিক সংঘর্ষে রক্তাক্ত কোচবিহারের মাথাভাঙা। রবিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল মাথাভাঙার ৫ নম্বর ওয়ার্ড। এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত এলাকায় নামাতে হয় কেন্দ্রীয় বাহিনী।
ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যায়। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ৫ নম্বর ওয়ার্ডে দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বের হন। বিজেপির অভিযোগ, আগে থেকে অনুমতি নিয়ে রুট মেনে প্রচার চললেও হঠাৎ তৃণমূলের একদল কাউন্সিলর ও কর্মী তাদের পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দু’পক্ষের মধ্যে ইটবৃষ্টি ও হাতাহাতি শুরু হয়। এই সংঘর্ষে তৃণমূলের এক কাউন্সিলরসহ বেশ কয়েকজন আহত হন। তৃণমূলের পালটা অভিযোগ, এলাকায় শান্তিতে বিঘ্ন ঘটাতেই পরিকল্পিতভাবে আক্রমণ চালিয়েছে বিজেপি।
তৃণমূল সমর্থকরা যখন এই ঘটনার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছিলেন, ঠিক সেই সময় শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মণ গাড়ি নিয়ে মাথাভাঙা থানার সামনে দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, বিক্ষোভকারীরা সাবিত্রীর গাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়। অল্পের জন্য রক্ষা পান তিনি। সাবিত্রীর দাবি, “পুলিশের সামনেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমার গাড়িতে হামলা করেছে।”
নিশীথ প্রামাণিক এই ঘটনার তীব্র নিন্দা করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, “ওরা পাথর ছুড়লে আমরা তো ফুল ছুড়ব না। সাত দিন আগে অনুমতি নেওয়ার পরেও যদি এই অবস্থা হয়, তবে এর ফল ভালো হবে না।” অন্যদিকে, মাথাভাঙার তৃণমূল প্রার্থী সাবলু বর্মণ বা জেলা নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও স্থানীয় নেতৃত্ব জানিয়েছে, বিজেপি কর্মীদের উস্কানিতেই কর্মীরা প্রতিবাদ জানিয়েছেন মাত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাত পর্যন্ত এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

