Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

১৬ বছর ভারতে গা ঢাকা! পহেলগাঁও হানার বর্ষপূর্তির আগে লস্কর মডিউল নিকেশ

0 521,986,415

পহেলগাঁওয়ের রক্তাক্ত ক্ষতে প্রলেপ পড়ার আগেই বড়সড় সাফল্যের মুখ দেখল ভারতের নিরাপত্তা বাহিনী। গত বছর ২২শে এপ্রিল পহেলগাঁওতে পর্যটকদের ওপর হওয়া সেই নারকীয় হামলার প্রথম বর্ষপূর্তির ঠিক আগে, লস্কর-ই-তৈবার এক বিশাল জঙ্গি নেটওয়ার্কের মেরুদণ্ড ভেঙে দিল জম্মু ও কাশ্মীর পুলিশ। দীর্ঘ ১৬ বছর ধরে পরিচয় গোপন করে ভারতে ঘাপটি মেরে থাকা কুখ্যাত লস্কর জঙ্গি আব্দুল্লাহ ওরফে আবু হুরেইরাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। দেশজুড়ে চালানো এই মেগা অপারেশনে কার্যত স্তম্ভিত গোয়েন্দা মহল।
তদন্তকারীদের দাবি, ধৃত আবু হুরেইরা নিছক কোনো জঙ্গি নয়, বরং সে ছিল লস্করের একটি শক্তিশালী মডিউলের মাথা। গত দেড় দশক ধরে সে রাজস্থান, হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়েছিল তার বিষাক্ত নেটওয়ার্ক। গোয়েন্দা সূত্রে খবর, ১৬ বছর আগে সে যখন ভারতে অনুপ্রবেশ করে, তখন অন্তত ৪০ জন বিদেশি জঙ্গিকে নেতৃত্ব দিচ্ছিল সে। পরবর্তীকালে নিরাপত্তা বাহিনীর অভিযানে তার দলের অধিকাংশ জঙ্গি খতম হলেও, অত্যন্ত ধূর্ত হুরেইরা জাল নথি তৈরি করে পুলিশের চোখে ধুলো দিয়ে এতদিন সাধারণ মানুষের ভিড়ে মিশে ছিল।
রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি যৌথভাবে জম্মু ও কাশ্মীর, রাজস্থান এবং হরিয়ানার ১৯টি জায়গায় ঝটিকা অভিযান চালায়। এই অভিযানেই ধরা পড়ে উসমান ওরফে খুবাইব নামে দ্বিতীয় এক পাকিস্তানি জঙ্গি। এছাড়াও শ্রীনগরের তিন বাসিন্দা— মহম্মদ নাকীব ভাট, আদিল রশিদ ভাট এবং গোলাম মহম্মদ মীর ওরফে মামাকে লস্কর জঙ্গিদের রসদ ও আশ্রয় দেওয়ার অভিযোগে জালে তোলা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জাল নথি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রমাণ। উল্লেখ্য, ২০২৫ সালের ২২শে এপ্রিল পহেলগাঁওতে যে হামলা হয়েছিল, তাতে প্রাণ হারিয়েছিলেন ২৬ জন নিরীহ মানুষ। সেই ঘটনায় নাম জড়িয়েছিল লস্করের ছায়া সংগঠন ‘দ্য রেজিসট্যান্স ফ্রন্ট’ (TRF)-এর। তদন্ত বলছে, এই নেটওয়ার্কটি কেবল জঙ্গি হামলা নয়, বরং জাল পাসপোর্টের মাধ্যমে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের সীমান্ত পার করে পালিয়ে যেতেও সাহায্য করত। পহেলগাঁও হানার বার্ষিকীর প্রাক্কালে এই গ্রেফতারি কেবল লস্করের কোমরই ভেঙে দিল না, বরং ভূস্বর্গে ফের বড় কোনো নাশকতার ছককেও বানচাল করে দিল। নিরাপত্তা বাহিনী স্পষ্ট জানিয়েছে, শিকড় যেখানেই থাকুক, দেশের মাটিতে লুকিয়ে থাকা আর কোনো জঙ্গিকে রেয়াত করা হবে না।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper