Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ডাবল সেঞ্চুরিতে ইডেন মাতালেন সানরা

0 93,276,633

আইপিএল আসে, আইপিএল যায়। কিন্তু প্রতিবার দৃশ্যটা যেন একই থেকে যায়। নন্দনকানন যেমন তারকাপ্রেমী ছিল, সেরকমই আছে। নিজের শহরের দল কলকাতা নাইট রাইডার্স রান দিয়ে ফেলছে নাকি উইকেট হারাচ্ছে, সেসব নিয়ে মাথাব্যথা নেই ক্রিকেটপ্রেমীদের। তিলোত্তমা শুধু চার-ছক্কার প্রেয়সী। তবে হ্যাঁ, এবার পরিবর্তন কিছুটা ঘটেছে। শাহরুখ খান আসবেন না জেনেও প্রায় ৫০ হাজার মানুষ গ্যালারি ভরিয়েছেন। ঈশান কিসান বা অভিষেক শর্মাদের অস্তাচলে পাঠিয়ে স্টেডিয়ামে শুধু বেগুনি ঢেউ। এক কথায় বলা চলে, ইডেনে প্রথম ম্যাচে কেকেআর সমর্থকরা একেবারে লেটার মার্কস পেলেন। ম্যাচ শুরুর আগে বটতলার চিত্রটাও ছিল একই রকম। সেই ‍‘বিখ্যাত’ কিছু ক্রিকেটারের জার্সি বিক্রি, আর আনাচে-কানাচে টিকিটের কালোবাজারি। সঙ্গে পাল্লা দিয়ে মুখে রঙ আঁকার আবদার, কেউ কেউ আবার মাথায় ফেট্টি পরাতে উদগ্রীব। তারই মাঝে নিরাপত্তার বজ্র আঁটুনি। এত গেল মাঠের বাইরের প্রেক্ষাপট। ভেতরে তো শুরু থেকেই চিৎকার। সময় যত গড়াল, দর্শক তত বাড়ল। আর সেইসঙ্গে বাড়ল শব্দের ডেসিবেলও। বিশেষ করে অজিঙ্ক রাহানে যখন টসে জিতলেন, তখন তো মাত্রা ছিল তুঙ্গে। ঘরের মাঠে প্রথম ম্যাচ, টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নিয়েছেন রাহানে। ম্যাচটি রাহানের কাছে অবশ্য স্মরণীয়। কারণ, ১১তম ক্রিকেটার হিসাবে ২০০টি আইপিএল ম্যাচ খেললেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইম কেমন পারফর্ম করে, সেদিকে নজর ছিল সকলের। কেকেআর প্রথম ওভার দিয়েছিল বৈভব অরোরাকে। ম্যাচের প্রথম ওভার একটু দেখে খেলেন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। দ্বিতীয় ওভার থেকেই হাত খোলেন ইন্দো-অজি জুটি। নিজেদের সেরা ফর্মে থাকলে বিশ্বের কোনও বোলারকেই রেয়াত করেন না তাঁরা। এদিনও করলেন না। যদিও নাইটদের দুর্বল বোলিং আরও একবার প্রকট হয়ে উঠেছিল তাঁদের সামনে। ঝড়ের গতিতে রান তুলতে থাকেন দু’জনে। ৫.৩ ওভারে ৮২ রান তুলে ফেলে সানদের ওপেনিং জুটি। এরপরই হেডকে ফেরান কার্তিক ত্যাগী। ২১ বলে ৪৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন অজি তারকা। হেড ফিরতেই যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নাইট শিবির। সানদের এই সময় চেপে ধরেন ব্লেজিং মুজারাবানি-সুনীল নারিনরা। ৩৬ রানের ব্যবধানে চারটি উইকেট তুলে নেয় কেকেআর। অভিষেককেও অর্ধশতরান করতে দেয়নি কেকেআর। মুজারাবানিকে ছক্কা হাঁকাতে গিয়ে বরুণ চক্রবর্তীর হাতে ধরা পড়েন তিনি। যদিও তাঁর আউট নিয়ে বিতর্ক একটা থেকেই গিয়েছে। অনেকের মতে, বরুণ হাতে যাওয়ার আগে বল মাটি ছুঁয়েছিল। ২১ বলে ৪৮ রানের ঝোড়ো ব্যাটিং আসে তাঁর থেকে। অধিনায়ক ঈশান কিসান এদিন ব্যর্থ। ৯ বলে ১৪ রান করেন তিনি। অনিকেত বর্মাও (৪ বলে ১) রান পাননি। অবশেষে বিপর্যয় সামাল দেন হেনরিখ ক্লাসেন এবং নীতীশ কুমার রেড্ডি। শুরুতে রানরেট কিছুটা কমে গেলেও, পড়ে মারতে শুরু করেন দু’জনে। ১৮ ওভারে দলকে ২০০-র গণ্ডি ছুঁইয়ে দেন তাঁরা। এরপরই সাজঘরে ফেরেন নীতীশ। বৈভবকে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে বরুণের হাতে ক্যাচ দেন তিনি। ২৪ বলে ৩৯ রান করে আউট হন নীতীশ। তবে ৫৩ বলে ৮২ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে দিয়ে যান তিনি। পরের বলে ফের উইকেট তোলেন বৈভব। সলিল অরোরাকে ইয়র্কারে বোল্ড করেন তিনি। সানদের একমাত্র ব্যাটার হিসাবে অর্ধশতরান করেন ক্লাসেন। তাঁর ইনিংস মারকাটারি না হলেও, বেশ মনোরঞ্জন। ৩৫ বলে ৫২ রান করে আউট হন প্রোটিয়া তারকা ক্লাসেন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২২২ রানে থামে হায়দরাবাদ। কেকেআরের হয়ে মুজারাবানি সর্বোচ্চ চার উইকেট নেন। অরোরা দু’টি উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন কার্তিক ও অনুকূল রয়। তবে বরুণ এদিন আবারও ব্যর্থ। প্রথম ওভারে ২৫ রান খরচ করেন তিনি। দুই ওভার মিলিয়ে ৩১ রান দেন নাইটদের এই মিষ্ট্রি স্পিনার। ঘরের মাঠে এবারের আইপিএলে প্রথম জয় কুড়িয়ে নিতে ২২৩ রান প্রয়োজন নাইটদের। রাহানে ব্রিগেড কতটা সফল হন, সেটাই এখন দেখার।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper