Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

‘সবুজ পৃথিবী, সুস্থ ভবিষ্যৎ’-র লক্ষ্যে ভেষজ আবিরেই দোল উদযাপন

0 652,341

বঙ্গে এখন ঋতুরাজ বসন্ত রাজত্ব করছে। দিকে দিকে কোকিলের কুহু কুহু ডাক, গাছে গাছে কচি পাতা আর রঙিন ফুলের ছটায় প্রকৃতি যেন সেজে উঠেছে উৎসবের রাজকীয় সাজে। এ উৎসব রঙের উৎসব। সকল মলিনতাকে মুছে দিয়ে হৃদয় হয়ে উঠবে আবিরের রঙে রাঙা। তবে এবার অভিনব উপায়ে দোলের উপহার নিয়ে হাজির খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়ারা। তাঁদের উদ্যোগে তৈরি হল ভেষজ আবির।

তাঁরা ‘সবুজ পৃথিবী, সুস্থ ভবিষ্যৎ’—এই স্লোগানকে কেন্দ্র করে নতুন শপথ গ্রহণ করলেন। খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষিকাদের তত্ত্বাবধানে ছাত্র-ছাত্রীদের উদ্যোগে দোল উপলক্ষে বিষাক্ত রাসায়নিক এবং ক্ষতিকারক রং বর্জন করে তৈরি করা হল পরিবেশবান্ধব ভেষজ আবির ও রং। বসন্তউৎসবে ছাত্রছাত্রীদের নিজেদের তৈরি করা এই আবির ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক অমিত আঢ্যের ভাবনায়, ‘সবুজ পৃথিবী, সুস্থ ভবিষ্যৎ’—এই মন্ত্রে দীক্ষিত হয়ে তৈরি করা হয়েছে সম্পূর্ণরূপে ভেষজ এবং পরিবেশ বান্ধব আবির।

এই নির্ভেজাল ভেষজ গুণসম্পন্ন আবির তৈরি করতে ব্যবহার করা হয়েছে গোলাপ ফুল, গাঁদা ফুল,নিমপাতা, বিট–গাজর–পালং শাক ইত্যাদির নির্যাস। পুরোপুরি প্রাকৃতিক উপাদানে প্রস্তুত করা হয়েছে আবির ও রং। এক কথায় এই আবির এবং রংগুলিতে রয়েছে প্রাকৃতিক ভাবে বসন্তের ছোঁয়া। বিশেষত শিশুদের জন্য এটি অত্যন্ত নিরাপদ। পাশাপাশি প্রকৃতির জন্য একেবারে সুরক্ষিত। এই অভিনব উদ্যোগে প্রথমে ছাত্রছাত্রীদের সহযোগিতা করেন স্কুলের রসায়ন বিভাগের শিক্ষক উজ্জ্বল ভড়, বিশ্বজিৎ গণ এবং শিক্ষিকা অর্পিতা রানা। তাঁরাই আবির এবং রং তৈরির ক্ষেত্রে উপাদান নেওয়ার পরিমাণ হাতেকলমে শিখিয়েছেন ছাত্র-ছাত্রীদের। ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র আহান শাসমল এবং নবম শ্রেণির ছাত্র সম্পদ ঘোড়ই এই কাজ সঠিকভাবে শেষ করে। রং তৈরির পরে তা প্যাকেটজাত করে তারা। প্রসঙ্গত, সম্পূর্ণ বিনামূল্যে ইচ্ছুক ছাত্রছাত্রীদের প্রত্যেককে তিনটি করে রঙের প্যাকেট দেওয়া হয়।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের দাবি, ছাত্র–ছাত্রীদের তৈরি করা আবির এবং রঙ ব্যবহারের ক্ষেত্রে কোনওপ্রকার সাইড এফেক্ট নেই। এই রং ত্বকেরও ক্ষতি করবে না। কারণ, সেগুলির মধ্যে কোনও রকম রাসায়নিক পদার্থ নেই। ২০২৬ সালে তাদের নতুন অঙ্গীকার ‘সবুজ পৃথিবী, সুস্থ ভবিষ্যৎ’। তিনি আরও দাবি করেন, ছাত্রছাত্রীদের নিয়েই তাঁরা আসরে নামবেন। যাতে বিষাক্ত, রাসায়নিক দ্রব্যের আবির ব্যবহার করা না হয়। ওই স্কুলের তরফ থেকে প্রধান শিক্ষক সকলের উদ্দেশ্যে দোল উৎসবের শুভেচ্ছা বার্তা প্রদান করেছেন।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper