Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

শান্তিনিকেতনে কড়াকড়ি দোলে দু’দিন বন্ধ সোনাঝুরির হাট

0 70,917

ফি-বছর বসন্ত উৎসবের আবহে পর্যটকদের উপচে পড়া ভিড় সামলাতে এবং খোয়াইয়ের পরিবেশ রক্ষা করতে কঠোর পদক্ষেপ নিল প্রশাসন ও হাট কমিটি। পরিবেশ আদালতের নির্দেশ ও দূষণ রোধের স্বার্থে আগামী ৩ এবং ৪ মার্চ সোনাঝুরির বিখ্যাত হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে সোনাঝুরির জঙ্গলে রং বা আবির খেলার ওপর জারি করা হয়েছে পূর্ণ নিষেধাজ্ঞা। বীরভূম জেলা প্রশাসনকে চিঠি দিয়ে নিজেদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে সোনাঝুরি হাট কমিটি।

সোনাঝুরির জঙ্গল ও খোয়াইয়ের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে দীর্ঘদিন ধরেই সরব পরিবেশকর্মীরা। সম্প্রতি পরিবেশকর্মী সুভাষ দত্ত জেলাশাসককে চিঠি দিয়ে জানান, জঙ্গলের যত্রতত্র রং এবং আবির খেলার ফলে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে এবং বন্য প্রাণের ক্ষতি হচ্ছে। এরপরই সোনাঝুরি হাট কমিটি জানিয়ে দেয়, এ বছর তারা কোনও বসন্ত উৎসবের আয়োজন করছে না। কমিটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বন আইন লঙ্ঘন করে কোনওভাবেই জঙ্গল চত্বরে কৃত্রিম রং ব্যবহার করতে দেওয়া হবে না।

অন্যদিকে, বিশ্বভারতী কর্তৃপক্ষও তাদের কঠোর অবস্থান বজায় রেখেছে। আশ্রমিক ও ছাত্রছাত্রীদের নিয়ে আগামী ৬ মার্চ ঘরোয়াভাবেই পালিত হবে বসন্ত উৎসব। উপাচার্য প্রবীরকুমার ঘোষ সাফ জানিয়েছেন, বিশ্বভারতীর নিজস্ব সংস্কৃতি ও শান্তি বজায় রাখতেই বহিরাগতদের প্রবেশে এই নিষেধাজ্ঞা। তাঁর কথায়,

“সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে ঠিকই, কিন্তু মানুষের চিন্তাধারার পরিবর্তন না হওয়া পর্যন্ত বিশ্বভারতীকে আমরা নষ্ট হতে দিতে পারি না।”

গত কয়েক বছরে বিশ্বভারতীর দরজা বন্ধ থাকায় পর্যটকদের মূল গন্তব্য হয়ে উঠেছিল সোনাঝুরির জঙ্গল। সেখানে বেলাগাম রং খেলা এবং গাছের গায়ে আবির মাখানোর ফলে প্রকৃতির দফারফা হচ্ছিল বলে অভিযোগ। পরিবেশপ্রেমীদের মতে, “প্রকৃতি নিজেই রঙিন, মানুষের দেওয়া কৃত্রিম রঙের প্রলেপ তার ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।”

উৎসবের দিনগুলোতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং জঙ্গলে কেউ রং নিয়ে প্রবেশ করতে না পারে, তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। সোনাঝুরি ও খোয়াই সংলগ্ন এলাকায় মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ বাহিনী।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper