Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পরীক্ষা দেওয়া হল না জুয়েলের ঘাতক ভ্যানের ধাক্কায় নিথর পরীক্ষার্থী

0 56,261

খাতা-কলম আর স্বপ্ন নিয়ে বেরিয়েছিল সে। লক্ষ্য ছিল উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু মাঝপথেই সব শেষ করে দিল একটি ঘাতক বিদ্যুৎবাহী ভ্যান। সোমবার সকালে পরীক্ষা দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় প্রাণ হারাল বাঁকুড়ার জয়পুর থানার জুজুড় হাই স্কুলের ছাত্র জুয়েল শেখ। এই মর্মান্তিক ঘটনার জেরে রণক্ষেত্রের চেহারা নেয় জয়পুরের প্রসাদপুর এলাকা। দফায় দফায় পথ অবরোধ ও পুলিশের সঙ্গে বচসায় উত্তেজনা ছড়ায় বিষ্ণুপুর-আরামবাগ রাজ্য সড়কে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, জুয়েলের পরীক্ষাকেন্দ্র ছিল জয়পুর হাই স্কুলে। এদিন সকালে বাইক নিয়ে সময়মতোই বাড়ি থেকে বেরিয়েছিল সে। কিন্তু প্রসাদপুর এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি বিদ্যুৎবাহী যন্ত্রচালিত ভ্যান সজোরে তার বাইকে ধাক্কা মারে। ভ্যানটিতে বোঝাই করা ছিল ভারী কংক্রিটের বিদ্যুতের খুঁটি। সংঘর্ষের অভিঘাতে একটি বিশালাকার খুঁটি সরাসরি জুয়েলের বুকে এসে লাগে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে ওই কিশোর। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

জুয়েলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়ে তার সহপাঠী ও শিক্ষকরা। ক্ষুব্ধ গ্রামবাসীরা বিষ্ণুপুর-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, বেপরোয়া যান চলাচল এবং ট্রাফিক নজরদারির অভাবেই এই অকাল মৃত্যু। বিক্ষোভকারীরা দাবি তোলেন– ঘাতক ভ্যানচালকের কঠোর শাস্তি দিতে হবে, পরীক্ষা চলাকালীন ভারী যানবাহনের ওপর নিয়ন্ত্রণ জারি করতে হবে, ক্ষতিগ্রস্ত পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

উত্তেজনা সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় জয়পুর থানার বিশাল পুলিশ বাহিনী। দফায় দফায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা বাঁধে। প্রায় ঘণ্টাখানেক যান চলাচল স্তব্ধ থাকার পর পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। জয়পুর ও জুজুড় হাই স্কুলের প্রধান শিক্ষকরা হাসপাতালে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন। এক শিক্ষক আর্তনাদ করে বলেন, “ছেলেটা পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল মন দিয়ে, কিন্তু ওর সিট পড়ল হাসপাতালের মর্গে।” জয়পুর থানার পুলিশ আধিকারিক জানান, “আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। ঘাতক ভ্যানটিকে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত চালক পলাতক হলেও তার খোঁজে তল্লাশি চলছে। পরীক্ষা চলাকালীন ট্রাফিক ব্যবস্থা আরও জোরদার করা হবে।”

এদিকে, সহপাঠীর মৃত্যুর খবর পৌঁছে যায় পরীক্ষাকেন্দ্রেও। অনেক পরীক্ষার্থীই চোখের জল মুছতে মুছতে এদিন পরীক্ষার খাতায় কলম ধরেছেন। জুয়েলের বাড়িতে এখন শুধুই হাহাকার। যে বাড়িতে আজ খুশির আমেজ থাকার কথা ছিল, সেখানে এখন শুধুই নিস্তব্ধতা আর কফিনবন্দি স্বপ্নের শেষ বিদায়ের প্রস্তুতি।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper