Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

যাদবপুরে কড়া দাওয়াই রাত ৮টার পর ‘বহিরাগত’ তকমা

0 897,151

ছাত্র সংঘর্ষ এবং শিক্ষকদের ওপর নজিরবিহীন হামলার ঘটনায় উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ঐতিহ্যের এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিগ্রহের ঘটনায় কড়া অবস্থান নিল কর্তৃপক্ষ। সোমবার একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষায় এখন থেকে নিরাপত্তারক্ষীদের সিদ্ধান্তই চূড়ান্ত। নিয়মের অন্যথা হলে কড়া শাস্তির মুখে পড়তে হবে পড়ুয়া থেকে গবেষক— সকলকেই।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও উপাচার্যের পক্ষ থেকে জারি করা এই নির্দেশিকায় মূলত রাতজাগা ক্যাম্পাস ও বহিরাগত প্রবেশে রাশ টানার চেষ্টা করা হয়েছে। নতুন নিয়মগুলি হল–

পরিচয়পত্র বাধ্যতামূলক: সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে বিশ্ববিদ্যালয়ের বৈধ কিউআর কোড যুক্ত আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক।

ট্রেসপাসিং আইন: রাত ৮টার পর উপযুক্ত কারণ বা অনুমতি ছাড়া ক্যাম্পাসে অবস্থান করলে তাকে ‘ট্রেসপাসিং’ বা অনধিকার প্রবেশ হিসেবে গণ্য করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গাড়িতে স্টিকার: ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে প্রতিটি গাড়িতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পার্কিং স্টিকার থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

নিরাপত্তারক্ষীদের ক্ষমতা: নিরাপত্তারক্ষীদের কোনও সিদ্ধান্তের বিরোধিতা করা যাবে না। কোনও অভিযোগ থাকলে তা লিখিতভাবে সরাসরি রেজিস্ট্রারকে জানাতে হবে।

সাম্প্রতিককালে ক্যাম্পাসের যত্রতত্র নেশাদ্রব্য সেবনের যে অভিযোগ উঠেছিল, তার প্রেক্ষিতেও কড়া হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। নির্দেশিকায় জানানো হয়েছে, নেশাদ্রব্য সেবন, কোনও ধরনের বেআইনি কার্যকলাপ বা নিরাপত্তারক্ষীদের সঙ্গে অভব্য আচরণ করলে সংশ্লিষ্ট ছাত্র বা ব্যক্তির বিরুদ্ধে কঠোরতম প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

সোমবার এক প্রেস বিবৃতিতে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য শিক্ষক নিগ্রহের ঘটনাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেন,

“শিক্ষক-ছাত্র সম্পর্কের যে সুদীর্ঘ ঐতিহ্য ও মূল্যবোধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিচয়, এই ঘটনা তার সম্পূর্ণ পরিপন্থী। শিক্ষকদের ওপর শারীরিক আক্রমণ শুধু নিন্দনীয় নয়, এটি অকল্পনীয় ও অগ্রহণযোগ্য।”

ঘটনার গুরুত্ব বিচার করে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এমন নক্কারজনক ঘটনা রুখতে প্রয়োজনে আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে প্রশাসন।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper