Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

স্তব্ধ সময়ের কাঁটা সিউড়ির ঐতিহ্য আজ অবহেলিত

0 98,589

এক সময় যার ‘ঢং ঢং’ শব্দে ঘুম ভাঙত শহরের, আজ সেই শতাব্দীপ্রাচীন ঘড়িটি নিজেই চিরনিদ্রায় মগ্ন। বীরভূম জেলা ট্রেজারি বিল্ডিংয়ের মাথায় ঠায় দাঁড়িয়ে থাকা লন্ডনি ঘড়িটি আজ কেবলই একটি জরাজীর্ণ কাঠামো। রক্ষণাবেক্ষণের অভাবে ধুলো আর মরচেয় ঢাকা পড়েছে সিউড়িবাসীর আবেগের এই ‘টাইম মেশিন’। প্রশাসনের তরফে শহরে আধুনিক ক্লক টাওয়ার বসানো হলেও, পুরনো সেই পরিচিত শব্দের অপেক্ষায় প্রহর গুনছেন শহরবাসী।

 

এই ঘড়ির সঙ্গে জড়িয়ে আছে রাজকীয় ইতিহাস। ইতিহাসবিদ সুকুমার সিংহ জানান, উনিশ শতকের শুরুর দিকে হেতমপুরের রাজকুমার মহিমা নিরঞ্জন চক্রবর্তী তৎকালীন জেলা কালেক্টরকে এই ঘড়িটি উপহার দিয়েছিলেন। ১৯০২ থেকে ১৯০৪ সালের মধ্যে সুদূর লন্ডন থেকে আনা এই ঘড়িটি বসানো হয় ট্রেজারি বিল্ডিংয়ের চূড়ায়। দশকের পর দশক ধরে সিউড়ির অফিস-কাছারি থেকে শুরু করে সাধারণ মানুষের রান্নাঘরের ব্যস্ততা— সবটাই চলত এই ঘড়ির কাঁটা মেপে।

শহরের প্রবীণদের স্মৃতিতে এই ঘড়ি আজও অমলিন। ১৯৭০ সালে একবার বজ্রপাতে ঘড়িটি বিকল হয়ে পড়েছিল। দীর্ঘ ২৫ বছর স্তব্ধ থাকার পর ১৯৯৫ সালে অসাধ্য সাধন করেছিলেন মেকানিক রবীন্দ্রনাথ চক্রবর্তী। ২০১৬ সাল পর্যন্ত তিনিই ছিলেন এই ঘড়ির ‘প্রাণভোমরা’। কিন্তু আট বছর আগে সেটি ফের বন্ধ হওয়ার পর আর কেউ সেটিকে সচল করার সাহস বা উদ্যোগ দেখাননি।

সম্প্রতি বিধায়ক তহবিল থেকে সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায় একটি আধুনিক ফাইবারের ক্লক টাওয়ার বসানো হয়েছে। কিন্তু তাতে মন ভরছে না স্থানীয়দের। শহরের বাসিন্দা অর্ঘ্য চট্টোপাধ্যায় ও ঐন্দ্রিলা মেহেরার কথায়, “ছোটবেলায় এই ঘড়ির আওয়াজেই আমাদের দিন শুরু হত। বহুদূর থেকে সেই গম্ভীর শব্দ শোনা যেত। মা-বাবারা ঘড়ির আওয়াজ শুনেই ঘরের কাজ সারতেন। নতুন ঘড়ি হয়েছে ঠিকই, কিন্তু সেই পুরনো আভিজাত্য আর কোথায়!”

বীরভূম নাগরিক কল্যাণ সমিতির সম্পাদক সুশীল সরকার আক্ষেপের সুরে জানান, ঘড়িটিকে মেরামত করার জন্য হেরিটেজ কমিশনের কাছে বারবার আবেদন জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সংস্কারের অভাবে ঘড়ির যন্ত্রাংশ তো বটেই, এমনকি টাওয়ারের একাংশও এখন ভেঙে পড়ার মুখে।

সিউড়ির আকাশ থেকে সেই পরিচিত ‘ঢং ঢং’ শব্দ কবে আবার ফিরবে, নাকি কালের গর্ভেই হারিয়ে যাবে এই হেরিটেজ— এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জেলা জুড়ে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper