Khabor Ekhon
আশঙ্কায় মহারাষ্ট্র, ফের হাসপাতালে ভর্তি অসুস্থ শরদ পওয়ার

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে ভর্তি করা হল মহারাষ্ট্রের রাজনীতির ‘ভীষ্মপিতামহ’ শরদ পওয়ারকে। রবিবার সকালে শ্বাসকষ্ট ও গলার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তাঁকে পুণের রুবি হল ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। অশীতিপর নেতার অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুগামীরা। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গত সপ্তাহেই বুকে সংক্রমণ ও প্রবল কাশি নিয়ে এই একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পওয়ার। কয়েক দিন পর্যবেক্ষণে থাকার পর গত শনিবারই তিনি বাড়ি ফিরেছিলেন। চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিলেও আজ ফের তাঁর অবস্থার অবনতি ঘটে। পওয়ার-কন্যা তথা সাংসদ সুপ্রিয়া সুলে জানিয়েছেন, “বাবার সর্দি-কাশি ও গলার সংক্রমণ কিছুতেই কমছিল না। আজ অস্বস্তি বাড়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।” বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন।
শরদ পওয়ারের এই অসুস্থতার পেছনে মানসিক ধকলকেও দায়ী করছেন ঘনিষ্ঠ মহলের একাংশ। সম্প্রতি এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় তাঁর ভাইপো তথা মহারাষ্ট্রের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যু হয়েছে। বারামতীতে জনসভা করতে যাওয়ার পথে ব্যক্তিগত বিমানটি ভেঙে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় অজিতবাবুর। শোকাতুর শরদ পওয়ার ভাইপোর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন।
অজিত পওয়ারের অকালমৃত্যু মহারাষ্ট্রের রাজনীতিতে অন্য এক সংকটের জন্ম দিয়েছে। কাকা-ভাইপোর রাজনৈতিক লড়াই মিটিয়ে দুই এনসিপি-কে এক ছাতার তলায় আনার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, অজিতবাবুর প্রয়াণে তাতে বড়সড় ছেদ পড়েছে। দলের ভবিষ্যৎ এবং উত্তরসূরি নির্বাচনের প্রশ্নে যখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছিল, তখনই পওয়ারের এই বারবার অসুস্থতা এনসিপি কর্মীদের মধ্যে উৎকণ্ঠা বাড়িয়েছে।
হাসপাতাল সূত্রের খবর, আজ বিকেলে তাঁর কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট সন্তোষজনক এলে তবেই তাঁকে ছেড়ে দেওয়ার কথা ভাবা হবে। আপাতত হাসপাতাল চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ভিড় না করার অনুরোধ জানিয়েছে পওয়ার পরিবার।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

