Khabor Ekhon
রাজনীতি করবেন না’, এসআইআর মামলায় মুখ্যমন্ত্রীকে বিঁধতে চাওয়া হিন্দু মহাসভাকে ভর্ৎসনা প্রধান বিচারপতির

নয়াদিল্লি: এসআইআর (SIR) মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সশরীরে উপস্থিত থেকে সওয়াল করার বিষয়টিকে ঘিরে রাজনৈতিক জলঘোলা করতে গিয়ে শীর্ষ আদালতে কার্যত মুখ পুড়ল গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের স্পষ্ট ভর্ৎসনা— “সংবিধানের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রকাশ ঘটাতেই মুখ্যমন্ত্রী সওয়াল করেছেন। এই নিয়ে রাজনীতি করবেন না।”
মমতার সওয়ালে সংবিধানের সম্মান: প্রধান বিচারপতি
গত বুধবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতির এজলাসে উপস্থিত হয়ে নিজেই সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টিকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছিল বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেই প্রসঙ্গ টেনেই এদিন হিন্দু মহাসভা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত উপস্থিতির বিরোধিতা করলে প্রধান বিচারপতি বলেন, “এতে অস্বাভাবিক কী আছে? এটা তো সংবিধানের প্রতি ভরসার নিদর্শন।” উল্লেখ্য, আগের শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেবল ৫ মিনিট নয়, বরং ১৫ মিনিট সময় দিয়ে সওয়াল করার অনুমতি দিয়েছিলেন প্রধান বিচারপতি এবং জনস্বার্থবাহী গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরার জন্য তাঁকে ধন্যবাদও জানিয়েছিলেন।
‘লোকাল অফিসারদের ক্ষমতা কেড়ে নেওয়া যাবে না’
মুখ্যমন্ত্রীর মূল অভিযোগ ছিল, ভিন রাজ্য থেকে আসা রোল অবজার্ভার বা মাইক্রো অবজার্ভারদের হাতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চূড়ান্ত ক্ষমতা দেওয়া হচ্ছে, যা সংবিধান বিরোধী। তিনি দাবি জানিয়েছিলেন, ডিইও (DEO) এবং ইআরও (ERO)-দের হাতেই যেন সেই অধিকার বজায় থাকে। এদিন শীর্ষ আদালত সেই আর্জি মেনে নিয়ে ঐতিহাসিক নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে:
ভোটার তালিকা সংশোধন বা পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্থানীয় ইআরও (ERO)-রাই।
মাইক্রো অবজার্ভার বা বাইরের অফিসারেরা শুধুমাত্র পর্যবেক্ষকের ভূমিকা পালন করবেন এবং সাহায্য করবেন।
প্রয়োজনে কমিশন যোগ্য অফিসারদের প্রশিক্ষণ দিয়ে ব্যবহার করতে পারবে, কিন্তু স্থানীয় অফিসারদের গুরুত্ব খর্ব করা যাবে না।
এসআইআর ও এআই বিভ্রাট: মুখ্যমন্ত্রীর দাবিতে সিলমোহর
আগের শুনানিতে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহারের ফলে স্থানীয় ভাষার জটিলতায় বহু যোগ্য ভোটারের নাম বাদ পড়ে যাচ্ছে। এদিন প্রধান বিচারপতি সূর্যকান্ত আবারও সেই প্রসঙ্গের উল্লেখ করে বলেন, “মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে তিনি এআই ব্যবহারের ফলে তৈরি হওয়া সমস্যার কথা আদালতকে জানিয়েছেন। স্থানীয় ভাষার কারণে কিছু জটিলতা হচ্ছে, আমরা এর সমাধানের পথ খুঁজছি।”
জল্পনা ছিল সশরীরে হাজিরার
এদিন শুনানি চলাকালীন রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল ছিল যে, মুখ্যমন্ত্রী কি ফের এজলাসে হাজির হবেন? তবে এদিন তাঁকে সশরীরে আদালতে দেখা যায়নি। তিনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কি না, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও আদালতের রায়ে রাজ্যের প্রশাসনিক অধিকার যে রক্ষিত হয়েছে, তা নিয়ে নিশ্চিত তৃণমূল শিবির।
আইনি বিশেষজ্ঞদের মতে, ভোটার তালিকা সংশোধনে স্থানীয় প্রশাসনের ক্ষমতা বজায় রাখার এই নির্দেশ নবান্নের জন্য বড় জয়। অন্যদিকে, রাজনৈতিক সার্থসিদ্ধির জন্য শীর্ষ আদালতকে ব্যবহার করার চেষ্টায় থাকা সংগঠনটিকে প্রধান বিচারপতির এই তিরস্কার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

