Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পড়ুয়াদের সঙ্গে বচসা! বিতর্কে করিমপুরের বিধায়ক

0 29,002

বিধায়কের গাড়িকে পথ না ছাড়ায় স্কুল পড়ুয়াদের মারধরের অভিযোগ উঠল করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহরায়ের বিরুদ্ধে! ঘটনাটি ঘটেছে মুরুটিয়া থানার বালিয়াডাঙা গ্রামে। যার জেরে রবিবার রাতে ছাত্র-ছাত্রী এবং বিক্ষুব্ধ জনতা বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুরুটিয়া থানার পুলিশ। বিক্ষোভ সামলাতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। যদিও সম্পূর্ণ ঘটনাটি বিজেপির চক্রান্ত বলে দাবি করেন বিধায়ক বিমলেন্দু সিংহরায়। ঘটনায় বিজেপি সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় মুরুটিয়ার বালিয়াডাঙা এলাকায় প্রাইভেট টিউশন পড়ে বাড়ির পথে রওনা হয়েছিল দ্বাদশ শ্রেণির বেশ কয়েকজন পড়ুয়া। ওই সময় দলীয় কর্মসূচি শেষ করে বাড়ি ফিরছিলেন বিধায়ক। অভিযোগ উঠেছে, বারবার হর্ন বাজানোর পরও বিমলেন্দুবাবুর গাড়িকে পথ ছাড়েনি ছাত্র-ছাত্রীরা। এরপরই গাড়ি থেকে বেরিয়ে ওই পড়ুয়াদের বকাবকি করেন। তাঁদের সঙ্গে তর্কাতর্কিও হয়। এমনকি বিধায়ক ওই ছাত্র-ছাত্রীদের মারেন বলেও অভিযোগ তোলা হয়েছে। ঘটনাটি জানাজানি হতেই বিক্ষুব্ধ ওই পড়ূয়ারা-সহ এলাকাবাসী বিমলেন্দুবাবুর বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়ে।
বিক্ষুব্ধ জনতার দাবি, বিধায়ককে বাড়ি থেকে বেরিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অপরদিকে, বিধায়ক বিমলেন্দু সিংহরায় দাবি করেন, তিনি ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলছিলেন, ওই সময় স্থানীয় কিছু বিজেপি নেতা তাঁকে হেয় করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। তিনি কোনও অন্যায় কাজ করেননি। এমনকি যে অভিযোগ তোলা হয়েছে, সেই ঘৃণ্যতম কাজও তিনি করেননি। পদ্ম শিবিরের দাবি, করিমপুরের বিধায়ক নিজের অপরাধ ঢাকতেই বিজেপির উপর দোষ চাপানোর চেষ্টা করছেন। আসল ঘটনাটি ওই পড়ুয়ারা এবং এলাকাবাসীরা জানেন। সাধারণ জনগণ ঠিক সময়ে এই ঘটনার জবাব দেবে বলেও তাঁদের বিশ্বাস।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper