Khabor Ekhon
মাধ্যমিকের উত্তর বলায় সাসপেন্ড ৯ জন শিক্ষক

এক ঘরে চলছে মাধ্যমিক, অন্য ঘরে গিয়ে পড়ুয়াদের উত্তর বলে দিচ্ছেন খোদ শিক্ষক! এখানেই শেষ নয়, সাদা খাতায় উত্তর লিখে তা জোরে জোরে পড়ছেন স্যার। এমন গুরুতর অভিযোগে একপ্রকার হুলস্থুল কাণ্ড মালদহের মথুরাপুর বিএসএস স্কুলে। ঘটনাটি সামনে আসতেই কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। এই ঘটনায় শিক্ষক সানোয়ার আলি পরভেজ-সহ আরও ৮ জনকে সাসপেন্ড করল পর্ষদ।
জানা গিয়েছে, ধৃত ওই শিক্ষকের নির্দিষ্ট ঘরে গার্ড দেওয়ার কথা ছিল। তিনি সেখানে গার্ড না দিয়ে, চলে যান পাশের অন্য একটি ঘরে। অভিযোগ, সেই ঘরে গিয়ে তিনি টেবিলের ওপরে থাকা একটি সাদা কাগজ হাতে তুলে নেন। এরপরই সুযোগ বুঝে প্রশ্নপত্র দেখে একটার পর একটা উত্তর লিখে ফেলেন তিনি। যেহেতু নিজের বিষয়ে পরীক্ষা চলছিল তাই উত্তর লিখতে খুব একটা অসুবিধা হয়নি শিক্ষকের। এরপর কিছু বুঝে ওঠার আগেই আগেই ওই কাগজ দেখে একপ্রকার পাখি পড়ানোর মতো পরীক্ষার্থীদের পড়াতে শুরু করেন তিনি। অভিযোগ, এরপরই শুরু হয় প্রশ্ন ধরে ধরে উত্তর বলে দেওয়া। এইভাবেই চলতে থাকে গোটা পরীক্ষা। গোটা বিষয়টি নজরে আসতেই সেই মুহূর্তের ভিডিও করেন স্কুলেরই কোনও একজন কর্মী। সেই ভিডিও গিয়ে পৌঁছায় পর্ষদের কাছে। উল্লেখ্য শিক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় পর্ষদ। শাস্তিস্বরূপ ওই শিক্ষককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি ওই একই রকম অভিযোগ উঠেছে আরও ৮ শিক্ষকের বিরুদ্ধে। পর্ষদের পক্ষ থেকে তাঁদেরকেও সাসপেন্ড করা হয়েছে। এ-বিষয়ে পর্ষদের দাবি, পড়ুয়ার পরীক্ষা বাতিল যদি করার বিধান থাকে তাহলে শিক্ষকেরও সাজা পাওয়ার যথাযথ অধিকার রয়েছে। এই গোটা ঘটনার পর পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা এবং নজরদারি নিয়ে আবারও নতুন করে প্রশ্ন উঠেছে। একাংশের দাবি, পরীক্ষা চলাকালীন দিনের পর দিন এত বড় অনিয়ম চললেও কারওর নজরে এল না? আবার অনেকের মতে, স্কুলের ভিতরের কিছু মানুষ না চাইলে এই ধরনের ভিডিও কখনওই সামনে আসত না। সব মিলিয়ে মালদহের ঘটনায় ইতিমধ্যেই উত্তপ্ত শিক্ষামহল। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

