Khabor Ekhon
মতুয়া নেতার বাড়িতে হানা,নারী ও শিশু নির্যাতনের অভিযোগ
রমিত সরকার: নদিয়ার চাকদহে এক মতুয়া নেতার বাড়িতে মুখোশধারী দুষ্কৃতীদের হামলার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গভীর রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে ওই নেতাকে বন্দুকের মুখে জিম্মি করে মারধর করে দুষ্কৃতীরা। এরপর তাঁর স্ত্রীকে ধর্ষণ এবং দম্পতির দুই নাবালিকা মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গয়নাও লুট করে পালিয়ে যায় হামলাকারীরা। ঘটনাটি বুধবার গভীর রাতে নদিয়ার চাকদহের পালপাড়া এলাকার। অভিযোগ অনুযায়ী, বাড়ির মূল ফটক ভেঙে ভিতরে ঢোকে একদল মুখোশধারী দুষ্কৃতী। একজন ওই নেতার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে রাখে। অন্যরা তাঁকে মারধর করে মাটিতে ফেলে দেয়। সেই সুযোগে আর এক অভিযুক্ত তাঁর স্ত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ। আক্রান্ত দুই শিশুকন্যার বয়স যথাক্রমে আট ও ছয় বছর।অভিযোগ, হামলার পর বাড়ির আলমারি তছনছ করে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। যাওয়ার আগে গোটা পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। আতঙ্কে ঘটনার পরপরই থানায় যেতে পারেনি পরিবার। বৃহস্পতিবার রাতে চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।পরিবারের দাবি, মতুয়া পরিচয়ের কারণেই তাঁদের নিশানা করা হয়েছে। আক্রান্ত ব্যক্তির দাবি, অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের পদাধিকারী হিসেবে তিনি ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে রাস উৎসবে যোগ দেওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে হুমকি পাচ্ছিলেন।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার জানিয়েছেন, আইন আইনের পথে চলবে এবং প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ করবে।অন্যদিকে, রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শুভম যাদব অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর মেলেনি।একদিকে বাড়িতে ঢুকে ভয়াবহ হামলার অভিযোগ, অন্যদিকে দুই শিশুর উপর নির্যাতনের অভিযোগ,এই ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। এখন পুলিশের তদন্তেই স্পষ্ট হবে, কারা এই হামলার সঙ্গে জড়িত এবং এর নেপথ্যে প্রকৃত কারণ কী।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

