Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

হঠাৎ গেরুয়া শিবিরে ক্রিকেট তারকা,নেপথ্যে কোন সমীকরণ?

0 6,651

সঞ্জয় মিত্র : ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখ তিনি। বাইশ গজে লেগ স্পিনের জাদুতে একাধিকবার প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে বিপর্যস্ত করেছেন। এবার ক্রিকেটের মাঠের বাইরে সম্পূর্ণ নতুন ইনিংস শুরু করলেন ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। সরাসরি রাজনীতির ময়দানে পা রাখলেন তিনি। শনিবার, ২১ নভেম্বর ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার পাশাপাশি দলের ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে জায়গা পেলেন এই ক্রিকেটার।বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন দলের ওবিসি মোর্চার নতুন সাংগঠনিক পদাধিকারীদের নাম ঘোষণা করেন। সেই তালিকাতেই বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে উঠে আসে চাহালের নাম। দিল্লির প্রতিনিধি হিসেবে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। চাহাল ছাড়াও এই তালিকায় রয়েছেন ওড়িশার অধ্যাপক অদ্বৈত চরণ গণনায়ক এবং উত্তরপ্রদেশের আইনজীবী সীমা সমৃদ্ধি কুশওয়াহা।দলে নতুন দায়িত্ব পাওয়ার পর সমাজমাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চাহাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং ওবিসি মোর্চার জাতীয় সভাপতি অমরপাল মৌর্যকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বিজেপি পরিবারে জায়গা ও সম্মান দেওয়ার জন্য নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতীয় এই ক্রিকেটার।উল্লেখযোগ্য বিষয়, বিজেপির ওবিসি মোর্চার সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবেই এই নিয়োগ। নতুন কমিটিতে সাতজন জাতীয় সহ-সভাপতি, তিনজন জাতীয় সাধারণ সম্পাদক এবং সাতজন জাতীয় সম্পাদক নিয়োগ করা হয়েছে। পাশাপাশি ৩৭ সদস্যের জাতীয় কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়েছে।ক্রিকেটের দুনিয়ায় চাহালের পরিচিতি অবশ্য দীর্ঘদিনের। ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিক ও টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। আইপিএলেও একাধিক দলের হয়ে খেলেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংসের জার্সিতে তাঁর পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হওয়ার নজিরও রয়েছে তাঁর।সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিলেও সীমিত ওভারের ক্রিকেট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চাহাল। ফলে ক্রিকেটের কেরিয়ার পুরোপুরি থামিয়ে নয়, বরং খেলার পাশাপাশি রাজনৈতিক দায়িত্ব সামলানোর নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এখন দেখার, ক্রিকেটের মাঠে প্রতিপক্ষের ব্যাটারদের ঘূর্ণিতে বেঁধে ফেলা চাহাল রাজনীতির ময়দানেও কতটা প্রভাব বিস্তার করতে পারেন।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper