Khabor Ekhon
আলোর উৎসবে বৃষ্টির ব্রেক, পিছিয়ে গেল চন্দননগরের ঐতিহ্য
শ্রীতমা ব্যানার্জী:আলোর শহর চন্দননগরে উৎসবের আবহে এবার প্রকৃতির বাধা। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে লাগাতার বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে স্থগিত করে দেওয়া হল চন্দননগরের ঐতিহাসিক জগদ্ধাত্রী পুজোর বিসর্জন শোভাযাত্রা। বৃহস্পতিবার বিজয়া দশমীতে যে বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে হাজার হাজার মানুষের অপেক্ষা ছিল, তা আপাতত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি ও স্থানীয় প্রশাসন।জরুরি বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ২২ নভেম্বর, রবিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ঐতিহ্যবাহী আলোকসজ্জার শোভাযাত্রা। প্রতিমা নিরঞ্জন হবে পরের দিন, অর্থাৎ ২৩ নভেম্বর সোমবার।সকাল থেকেই চন্দননগর-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়। আবহাওয়ার অবনতি এবং সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা এবং প্রশাসনিক আধিকারিকদের মধ্যে জরুরি বৈঠক হয়। সেখানে প্রায় ১৮০টি পুজো কমিটির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে শোভাযাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর অন্যতম প্রধান আকর্ষণ এই আলোকসজ্জার শোভাযাত্রা। বিশাল বিশাল গাড়িতে চোখধাঁধানো আলোর কারুকাজ, নানা ধরনের বাদ্যযন্ত্র এবং ব্যান্ডের পরিবেশনায় রাতভর শহর প্রদক্ষিণ করে প্রতিমা। এই দৃশ্য দেখতে প্রতি বছর শুধু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, দেশ-বিদেশ থেকেও বহু মানুষ ভিড় করেন চন্দননগরে।এ বছর চন্দননগর ও ভদ্রেশ্বর মিলিয়ে ৬৮টি পুজো কমিটির শোভাযাত্রায় অংশ নেওয়ার কথা। প্রায় ২৪৫টি আলোকসজ্জার গাড়ি এই বর্ণাঢ্য আয়োজনের অংশ হবে বলে জানা গিয়েছে।যেসব পুজো কমিটি মূল শোভাযাত্রায় অংশ নেবে না, তারা আবহাওয়ার উন্নতি হলে শনিবার, ২১ নভেম্বর প্রতিমা নিরঞ্জন করতে পারবে। পরিস্থিতি প্রতিকূল থাকলে রবিবার নিরঞ্জনের বিকল্প রাখা হয়েছে।প্রকৃতির বাধায় উৎসবের সূচি বদলালেও আয়োজক ও প্রশাসনের কাছে মানুষের নিরাপত্তাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। তাই কয়েক দিনের অপেক্ষা। চন্দননগরের রাজপথে আবার কবে আলো, সঙ্গীত আর ঐতিহ্যের মিলন ঘটবে, সেই অপেক্ষাতেই এখন উৎসবপ্রেমীরা।আলোর শহরে বৃষ্টির বাধা, থামল ঐতিহ্যের শোভাযাত্রা। উৎসবের আনন্দ ফিরবে রবিবার, অপেক্ষায় চন্দননগর।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

