Khabor Ekhon
মহোৎসবে যাওয়ার পথেই দুর্ঘটনা, গুরুতর জখম বিজেপি বিধায়ক
শ্রীতমা ব্যানার্জী :উত্তরপ্রদেশের অযোধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়লেন মিলকিপুরের বিজেপি বিধায়ক চন্দ্রভানু পাসওয়ান। সোমবার রাতে তাঁর গাড়িতে একটি দ্রুতগতির ডাম্পারের ধাক্কা লাগে। দুর্ঘটনায় বিধায়কের মাথা ও হাতে গুরুতর আঘাত লেগেছে। তড়িঘড়ি তাঁকে অযোধ্যা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।প্রাথমিক খবর অনুযায়ী, বিধায়ক নিজের ফরচুনার গাড়িতে করে আমানিগঞ্জ এলাকা থেকে ভরতকুণ্ড মহোৎসবে যোগ দিতে যাচ্ছিলেন। পথে পুরাকলন্দর থানা এলাকার মহাওয়া চৌরাহার কাছে একটি ডাম্পার তাঁর গাড়িতে ধাক্কা মারে। সেই সময় গাড়ির সামনের আসনে বসেছিলেন চন্দ্রভানু।দুর্ঘটনার পর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর চিকিৎসা শুরু করে। মাথায় আঘাতের কারণে সেলাইও করতে হয়েছে। পাশাপাশি তাঁর সিটি স্ক্যান করা হয়। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে বাহ্যিক আঘাতের বিষয়টি সামনে এসেছে। আপাতত চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন বিধায়ক।এই দুর্ঘটনায় গাড়ির চালক এবং নিরাপত্তারক্ষী নিরাপদ রয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে জেলাশাসক শশাঙ্ক ত্রিপাঠী এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা হাসপাতালে পৌঁছে বিধায়কের শারীরিক অবস্থার খোঁজ নেন।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ডাম্পারটিকে চালক-সহ আটক করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।বিজেপি বিধায়কের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুগামী ও দলের কর্মীরা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

