Khabor Ekhon
ফেসবুক পোস্টেই বিপত্তি? সাসপেন্ড কলকাতা পুলিশের ইনস্পেক্টর
শ্রীতমা ব্যানার্জী :সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের জেরে এবার শাস্তিমূলক পদক্ষেপের মুখে কলকাতা পুলিশের এক ইনস্পেক্টর। পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকদের বিরুদ্ধে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাসপেন্ড করা হল কলকাতা পুলিশের ইনস্পেক্টর ইখলাক আহমেদকে। ৯ নভেম্বর থেকে তাঁর সাসপেনশন কার্যকর হয়েছে। বিভাগীয় তদন্ত চলাকালীন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ ৯ নভেম্বর ২০২৬ তারিখে এই সংক্রান্ত নির্দেশ জারি করেন। নির্দেশ নম্বর ৬৭৮-এ জানানো হয়েছে, সরকারি আধিকারিকদের সম্পর্কে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ইখলাক আহমেদের আচরণ খতিয়ে দেখা হচ্ছে।
কোথায় কর্মরত ছিলেন ইখলাক?ইখলাক আহমেদ আগে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীকালে তাঁকে কলকাতা আর্মড পুলিশের প্রথম ব্যাটালিয়নে বদলি করা হয়েছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা সোশ্যাল মিডিয়া সংক্রান্ত অভিযোগের তদন্ত চলাকালীন তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন।
সাসপেনশন চলাকালীন কী পাবেন?নির্দেশ অনুযায়ী, সাসপেনশন চলাকালীন ইখলাক আহমেদ তাঁর মূল বেতনের ৫০ শতাংশ এবং নিয়ম অনুযায়ী প্রাপ্য অন্যান্য ভাতা পাবেন। পাশাপাশি কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের রিজার্ভ অফিসারের কাছে সমস্ত সরকারি সামগ্রী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তবে এই মুহূর্তে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে। তদন্তের ফলাফল কী হয়, সেদিকেই নজর রয়েছে। সরকারি চাকরির আচরণবিধি এবং সোশ্যাল মিডিয়ায় পুলিশকর্মীদের দায়িত্বশীল আচরণের বিষয়টি ঘিরে এই ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

